
শেষ আপডেট: 18 April 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো: ভয়েজ ক্লিপিংয়ের সঙ্গে মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। এবার কি তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সমস্ত রহস্যের কিনারা হবে? রাজ্যে প্রথমদফার ভোটের আগের দিন এখন এটাই বড় প্রশ্ন।
ইডির সন্দেহই বাস্তব হল। সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের সঙ্গে মিলে গেছে ভয়েস ক্লিপিংয়ের কণ্ঠস্বর। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট আসার পর কণ্ঠস্বর মিলে গেছে বলে দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, এই ঘটনা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় মোড়।
দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে গত ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ হয়। তাঁর গলার স্বর ডিজিটালি রেকর্ড করে রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা আর কাকুর গলা এক কিনা। ইডির দাবি, দুটি গলার স্বর মিলিয়ে দেখা গেছে দুটি কণ্ঠস্বরই এক। এই রিপোর্ট হাতে আসার পরেই উচ্ছ্বসিত ইডি আধিকারিকরা। তাঁরা মনে করছেন এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের জাল গোটানো শুধুই সময়ের অপেক্ষা।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। এরপর থেকে বারেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। নিয়োগ দুর্নীতির জট খুলতে তার ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েজ ক্লিপিং এর সঙ্গে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারীরা। সেজন্য আদালতে আবেদন জানান তাঁরা। পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকেএমের তরফে জানানো হয়, কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না।
এরপর ফের আদালতের দ্বারস্থ হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মেনে, ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক সুস্থতা পরীক্ষা করার নির্দেশ দেয় আদালত। অবশেষে গত ৪ জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে সুজয়কৃষ্ণর ‘ভয়েস স্যাম্পেল টেস্ট’ হয়।