
ফাইল ছবি।
শেষ আপডেট: 31 October 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজো উপলক্ষ্যে ভক্তদের উপচে পড়া ভিড় কালীঘাট, দক্ষিণেশ্বর ও তারাপীঠ মন্দিরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই কালীপুজোর বিশেষ এই দিনে ভিন রাজ্য থেকেও বহু ভক্ত হাজির হন সতী পীঠের ৫১ পীঠের অন্যতম এই তিন তীর্থক্ষেত্রে।
দক্ষিণেশ্বরে অবশ্য মা ভবতারিণী রূপে পুজিত হন মা কালী। আর কালীঘাটে পুজোর ক'দিন মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। তারাপীঠেও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে কালীপুজো।
কালীঘাটে মায়ের ভোগে থাকে পোলাও-ঘি ভাত, প্রথম বলির পাঁঠার মাংস। সঙ্গে শুক্তো, আলু-বেগুন-পটল-উচ্ছে-কাঁচকলা দিয়ে পাঁচ রকমের ভাজা, পোনা-চিংড়ি মাছ, খেজুর-কাজু-কিশমিশ দিয়ে চাটনি, পায়েস, জল এবং শেষ পাতে মুখ শুদ্ধি হিসেবে থাকে সাজা পান। এছাড়াও ময়দার লুচি, খিচুড়ি-তরকারি, রাবড়ি-রসগোল্লা।
অন্যদিকে দক্ষিণেশ্বরে ভবতারিণী পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল, শাক্ত, বৈষ্ণব ও শৈব, এখানে তিন ধারার পুজো একসঙ্গে হয়। দক্ষিণেশ্বরে অন্নভোগে পাঁচ রকমের মিষ্টির পাশাপাশি থাকে লুচি, ছানার তরকারি। আগে এই মন্দিরে বলি হত। এখন বহুকাল বন্ধ। তখন থেকেই দক্ষিণেশ্বরের ভোগের পদে মাংসও নেই। ভোগে থাকে শুক্তো, পাঁচ রকমের ভাজা, পোলাও, চাটনি ও পায়েস, পান ও জল।
সতী পীঠের আরও এক অন্যতম পীঠ হল তারাপীঠ। এখানেও ভক্তদের উপচে পড়া ভিড়। তারাপীঠে মায়ের ভোগে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, পাঁচ রকম ভাজা, পাঁচ মিশালি তরকারি, মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস এবং মিষ্টি। এখানকার ভোগের অন্যতম বিশেষত্ব হল পোড়া শোলমাছ মাখা। যা মায়ের ভোগে দিতেই হবে। শুরু থেকেই চলে আসছে এই নিয়ম।