
অনুব্রত মণ্ডল ও কাজল শেখ
শেষ আপডেট: 29 March 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমে কোন্দলের শেষ নেই। কেষ্ট-কাজলের (Kajal Seikh-Anubrata Mondal) অন্তর্দ্বন্দ্ব এমনিতেই ধিকি ধিকি জ্বলতে থাকে। তারই মাঝে হঠাৎ হঠাৎ এমন কিছু মন্তব্য উঠে আসে যেখান থেকে শাসক-কোন্দল ফের স্পষ্ট হয়ে ওঠে। যেমন, সদ্য কাজল শেখের 'তরমুজ' মন্তব্য।
কী মন্তব্য? কাজল স্থানীয় এক সভামঞ্চ থেকে বলেন, "বীরভূম (Birbhum) জেলার বুকে তৃণমূলের যত নেতা-কর্মী আছেন তাঁদের বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ অনুসরণ করে চলুন। তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না। উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না। আমি একুশের নির্বাচন দেখেছি, তেইশের নির্বাচন দেখেছি, চব্বিশেরও দেখেছি। দেখেছি অনেকে পাঁচিলে উঠে বসেছিল। ভাবছিল তৃণমূল দলটা থাকবে না যাবে। সজাগ থাকুন সতর্ক থাকুন। যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন। ছাব্বিশের নির্বাচন এলে তারা আবার পাঁচিলে উঠবে। কিন্তু, নির্বাচনের পর পাঁচিলেই রাখব, নামতে দেব না। এই সংকল্প আমাদের নিতে হবে।"
কাজলের এহেন বক্তব্যকে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, নাম না করে তিনি অনুব্রতর নামই বোঝাতে চেয়েছেন। সেই ধারণা আরও স্পষ্ট হয় যখন তিনি সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে কাজল বলেন, "কোর কমিটির বৈঠকে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেককেই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে বাকিদেরও আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলাম। যাঁরা আসেননি তাঁরা বোধহয় শহিদদের ভুলে গিয়েছেন।"
বস্তুত, সময়মতো কোর কমিটির বৈঠক না-হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন কাজল। দলনেত্রীর নির্দেশ সত্ত্বেও কোর কমিটির বৈঠক না হওয়ার নেপথ্যে 'অদৃশ্য শক্তি'র হাত রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তা নিয়ে জেলায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের আবহও তৈরি হয়েছিল। যদিও, বৈঠকে অনুব্রতর অনুপস্থিতিতে যে কারও কিছু যায় আসে না, সেটাও স্পষ্ট করে দিলেন কাজল।