
শেষ আপডেট: 1 June 2022 16:56
দ্য ওয়াল ব্যুরো: জুনের তৃতীয় সপ্তাহে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই ভোটের পর্যবেক্ষক হিসেবে দিল্লি বিজেপি দায়িত্ব দিল কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya)। যা নিয়ে ত্রিপুরা বিজেপির (Bjp) অন্দরে তোলপাড় শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুন: কেকে-র মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টেই, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
বিশেষত বিপ্লব দেবের (Biplab Deb) লোকজন কৈলাসকে (Kailash Vijayvargiya) ত্রিপুরায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। তাঁরা মনে করছেন, কৈলাসকে ত্রিপুরায় (Tripura) পাঠিয়ে আসলে বিপ্লবকে আরও কোণঠাসা করে দেওয়া হল।
তাছাড়া কৈলাসের (Kailash Vijayvargiya) সঙ্গে উপনির্বাচনের সহ পর্যবেক্ষক হিসেবে আগরতলায় পাঠানো হয়েছে অসম সরকারের মন্ত্রী অশোক সিঙ্ঘলকে। তাঁর সঙ্গেও বিপ্লবের বিশেষ ভাব নেই বলে শোনা যায়।
এদিকে আবার গত পাঁচ দিন ধরে ত্রিপুরায় নেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মঙ্গলবার শোনা গিয়েছিল বুধবার বিকেলের বিমানে তিনি দিল্লি থেকে আগরতলা যাবেন। কিন্তু বুধবারও তিনি রাজ্যে ফেরেননি।
ত্রিপুরা বিজেপির ভিতরকার কোন্দল কার্যত হাটখোলা হয়ে গিয়েছে বলে মত অনেকের। উপ নির্বাচনের ফল কী হবে তা গণনায় দেখা যাবে কিন্তু সাদা চোখে এটা স্পষ্ট বিজেপির জমাট ভাব কার্যত উবে গিয়েছে। অতীতে সুদীপ রায় বর্মন বিজেপিতে থাকার সময়ে তাঁর অনুগামীদের সঙ্গে যেমন বিপ্লবপন্থীদের ডিজিটাল লড়াই লেগে থাকত। এখন সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক অনুগামীদের সঙ্গে।