
শেষ আপডেট: 19 June 2022 13:34
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ (Agnipath) নিয়ে যখন অগ্নিগর্ভ দেশ, তখন সেই আগুনে বোধহয় আরও একটু ঘি ছিটিয়ে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। ইতিমধ্যেই কৈলাসের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
সাংবাদিক সম্মেলনে তাঁকে অগ্নিপথ প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অগ্নিপথে অগ্নিবীরদের নিয়োগ করা হবে। এই অগ্নিবীররা চার বছর তাঁদের সার্ভিস দেবেন। তারপর তাঁদের এগারো লক্ষ টাকা হাতে দেওয়া হবে। সেইসঙ্গে বুকে থাকবে একটা ব্যাজ। যা গর্বের প্রতীক। চার বছর চাকরি হয়ে যাওয়ার তাঁরা অন্য কাজে যুক্ত হতে পারবেন। বিজেপি পার্টি অফিসে যখন সিকিউরিটি গার্ড নেওয়া হবে, তখন প্রাধান্য দেওয়া হবে অগ্নিবীরদের।"
ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সামনের বৃহস্পতিবার। কৈলাস আপাতত আগরতলায়। সেখানেই এই মন্তব্য করেছেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, "সেনাদের পার্টি অফিসের সিকিউরিটি গার্ডে চাকরি দেওয়ার কথা বলে তিনি বাহিনীর মর্যাদাকে খাটো করেছেন। কৈলাস বিজয়বর্গীয়র উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।"
সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, "সেনাবাহিনীকে বিজেপি তাদের পার্টির চাকরবাকর বানাতে চাইছে। এই অসম্মান মানা যায় না।"
কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, "কৈলাস বিজয়বর্গীয় যা বলেছেন তা ক্ষমাহীন অপরাধ। দেশের যুব সমাজ এর জবাব দেবে।"
অনেকের মতে, অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাতে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানে কৈলাসের এ হেন মন্তব্য পরিস্থিতিকে আরও তপ্ত করে দেবে বলেই মত তাঁদের।
‘কিছু করলেই রাজনীতির রঙ লেগে যায়’, অগ্নিপথ নিয়েই কি এমন মন্তব্য মোদীর