
শেষ আপডেট: 18 December 2023 20:49
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। গুরুতর অসুস্থতার কারণে মন্ত্রীকে মাঝে রাখা হয়েছিল আইসিসিইউতে। এই মুহূর্তে তাঁকে কেবিনে রাখা হলেও তাঁর শারীরিক অবস্থা ভাল নয় বলে এসএসকেএম সূত্রের খবর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্যেতিপ্রিয়র মাথা ঘুরছে। সম্প্রতি ঘন ঘন মূর্চ্ছা যাচ্ছিলেন মন্ত্রী। কী কারণে বারে বারে মূর্চ্ছা যাচ্ছেন জ্যোতিপ্রিয়, তা জানতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ‘হেড আপ টিলট টেবল টেস্ট’ পরীক্ষার পরামর্শ দিয়েছে। কিন্তু এসএসকেএম তো বটেই, এই পরীক্ষা রাজ্যের কোনও সরকারি হাসপাতালে করার সুযোগ নেই।
তবে শহরের তিনটি বেসরকারি হাসপাতালে এই বিশেষ পরীক্ষা হয়ে থাকে। সূত্রের খবর, আদালতের অনুমতি নিয়ে ওই তিনটির কোনও একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীর ‘হেড আপ টিলট টেবল টেস্ট’ পরীক্ষা করা হতে পারে।
এই ‘হেড আপ টিল্ট টেবিল টেস্ট’ কী? হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট এক ঘণ্টা পাঁচ মিনিটের এই পরীক্ষায় রোগীকে বিভিন্ন অ্যাঙ্গলে রোগীকে দাঁড় করিয়ে, শুইয়ে পরীক্ষা করানো হয়। এই পরীক্ষার মাধ্যমে রোগীর হৃদস্পন্দনের হার, হৃদপিণ্ডের স্পন্দনের ছন্দ, রক্তপ্রবাহ, রক্তচাপের মাত্রা জানা যাবে। যা থেকে মূর্চ্ছা যাওয়ার কারণ স্পষ্ট হতে পারে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের।
প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে গত ২৬ অক্টোবর গভীর রাতে মন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। পরের দিন আদালতে তোলা হলে এজলাসেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন মন্ত্রী। সেই সময়ই মাথায় কোনও আঘাত লেগে থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।