
শেষ আপডেট: 10 November 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো: কমান্ড হাসপাতালে চিকিৎসা করে ফেরার পর আগের থেকে কিছুটা সুস্থ রেশন দুর্নীতির অভিযোগে ইডি হেফাজতে থাকা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার দুপুরে সিজিওতে ঢোকার সময় মন্ত্রী নিজেই জানালেন, “আগের থেকে কিছুটা সুস্থ। ১৩ তারিখ আপনাদের সঙ্গে ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে।”
কথা বলতে বলতেই পায়ে হেঁটে সিজিও কমপ্লেক্সের লিফটের দিকে এগোতে থাকেন মন্ত্রী। এই সময় সংবাদমাধ্যমের তরফে মন্ত্রীকে রেশন দুর্নীতির প্রসঙ্গে একের পর এক প্রশ্ন করা হয়। আপনি রেশন দুর্নীতির কথা জানতেন? আপনার স্ত্রীর অ্যাকাউন্টে কীভাবে এত টাকা ঢুকল? বাকিবুরের সঙ্গে আপনার কীরকম সম্পর্ক? মন্ত্রীর কাছ থেকে অবশ্য কোনও জবাব মেলেনি। লিফট খুলতে দেরি হচ্ছে দেখে পায়ে হেঁটে সিঁড়ির দিকে এগোতে দেখা যায় তাঁকে।
এর আগে গত ৩ নভেম্বর স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় বিজেপির বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ এনে জ্যোতিপ্রিয় দাবি করেছিলেন, তিনি নির্দোষ। বলেছিলেন, “আর চার দিন পর আমি মুক্ত… মমতাদি, অভিষেক সব জানেন।” যদিও চারদিন পর এজলাসে তাঁকে নিশ্চুপই থাকতে দেখা গিয়েছিল।
এদিন সকালে সিজিও থেকে বেরোনোর সময় মন্ত্রী নিজের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করে পক্ষাঘাতের আশঙ্কা প্রকাশ করেন। দুপুরে সেনা হাসপাতাল থেকে ফেরার পরে তিনি ফের নিজের শারীরিক অসুস্থতার বিবরণ দিতে শুরু করেন। তবে সকালের থেকে কিছুটা ভাল রয়েছেন বলেও জানান।
রেশন দুর্নীতির অভিযোগে গত ২৬ অক্টোবর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ম্যারাথন জেরা শেষে মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। শারীরিক অসুস্থতার কারণে প্রথম কয়েকদিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। পরে আনা হয় সিজিওতে। রেশন দুর্নীতির বিষয়ে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত মন্ত্রীর কাছ থেকে বিশেষ কোনও তথ্য মেলেনি বলে সূত্রের খবর।
তদন্তকারী সংস্থা সূত্রের খবর, প্রশ্নের বিশেষ কোনও উত্তর দিতে না চাইলও খাওয়া দাওয়াতেও অবশ্য বিশেষ সমস্যা করছেন না মন্ত্রীমশাই।