
শেষ আপডেট: 27 October 2023 17:12
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে শুক্রবার বিকেলে পেশ করা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চায় ইডি।
এদিন শুনানির সময়ে বিচারক তাঁকে প্রশ্ন করেন, আপনার উপর কি শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছিল। জবাবে জ্যোতিপ্রিয় বলেন, না। ওঁরা ভাল ব্যবহারই করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জ্যোতিপ্রিয়কে যখন জেরা করা হচ্ছে সেই সময়ে কালীঘাটে সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে মমতা বলেছিলেন, ওরা নাম বলাতে যেরকম অত্যাচার করছে তা কহতব্য নয়। গোপনাঙ্গেও আঘাত করে নাম বলাতে বাধ্য করা হচ্ছে।
এদিন বিচারপতি ধৃত মন্ত্রীকে এও জিজ্ঞেস করেন যে তাঁকে গ্রেফতার করার আগে ইডি মামলার কপি দিয়েছিল কিনা। জবাবে জ্যোতিপ্রিয় জানান, তাঁকে ১৩ পৃষ্ঠার একটা রিপোর্টের মতো দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তা তিনি জানেন না।
জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা নিয়েও খোঁজ করেন বিচারক। জবাবে জ্যোতিপ্রিয় আদালতে জানান, তাঁর সুগার রয়েছে। রোজ ১ লক্ষ ডোজের ইনসুলিন নিতে হয় তাঁকে। তবে বৃহস্পতিবার ইনসুলিন নিতে না পারায় পা ফুলেছে।
এদিন এজলাসে শুনানির সময়ে বনমন্ত্রীকে বসতে দেওয়ার কথা বলেন বিচারক। তিনি বলেন, উনি অসুস্থ মানুষ। ওনাকে বসতে দেওয়া হোক।
অন্যদিকে ইডির আইনজীবী অভিযোগ করেছেন যে, মন্ত্রী মশাই তাঁদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন না। তাই তাঁকে হেফাজতে নিতে চাইছে ইডি। এ কথা শুনে বিচারক ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।