
শেষ আপডেট: 27 October 2023 09:39
দ্য ওয়াল ব্যুরো: শুধু বাংলা কেন, অনেকের মতে, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনীতিক কমই রয়েছেন। হয়তো দেওয়াল লিখন পড়ে নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার কালীঘাটে তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে মমতা বলেছিলেন, ‘সব সীমা ছাড়িয়ে যাচ্ছে’। কার্নিভাল শুরু হয়েছে জেলায় জেলায়, তার মধ্যে মন্ত্রীদের বাড়িতে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে ভীষণ সুগার রয়েছে, বাড়াবাড়ি করলে তিনি ‘মরেও যেতে পারেন’ বলে সতর্ক করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তার পরও শুক্রবার ভোর সাড়ে তিনটের সময়ে প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। অর্থাৎ কার্নিভালের সকালে গ্রেফতার হয়ে গেলেন রাজ্যের ওজনদার মন্ত্রী ও তৃণমূলের প্রথম দিনের এক সৈনিক।
রেড রোডে কার্নিভালের জন্য আয়োজনের কোনও খামতি রাখা হয়নি। বৃহস্পতিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আয়োজন সরেজমিনে দেখে এসেছেন। কিন্তু ঘটনা হল, শুক্রবার দুপুর থেকে যখন রেডরোডে একে একে পুজো কমিটিগুলোর ট্যাবলো এসে দাঁড়াবে তখন জ্যোতিপ্রিয়কে নিয়ে সওয়াল জবাব চলবে আদালতে। সেই সওয়াল জবাবের জন্য ইডি আবার দুঁদে আইনজীবী ফিরোজ এডুলজিকে নিয়ে আসছে কলকাতায়। ফলে কার্নিভালের সময়ে কোনও কোনও টিভি চ্যানেল বা ডিজিটাল মাধ্যমের স্ক্রিন জুড়ে থাকবে মন্ত্রী গ্রেফতারের খবর।
সরকার ও শাসক দলের জন্য এই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর বলেই অনেকের মত। তৃণমূল সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় এদিন দুপুরে দলের তরফে সাংবাদিক বৈঠক করতে পারেন দলের জোড়াফুলের শীর্ষ নেতারা। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করতে পারে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে আক্রমণের সুর বেঁধে দিয়েছেন, সেই পথেই তীব্র সমালোচনা করা হতে পারে কেন্দ্রে শাসক দলের। তৃণমূলের এক রাজ্যনেতা এদিন সকালেই বলেন, “চক্রান্ত ছাড়া এটা কী! বেছে বেছে এমন দিনে গ্রেফতার করল, যাতে কার্নিভালের মুড খারাপ হয়।”