
শেষ আপডেট: 31 October 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সোমবার রাতেই ছুটি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে আসেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। আদালতের নির্দেশে আগামী ১০ দিন ইডি হেফাজতেই থাকবেন রাজ্যের মন্ত্রী। আজ মঙ্গলবার থেকেই তাঁকে টানা জেরা করার কথা এনফোর্স ডিরেক্টরেটের।
বৃহস্পতিবার মন্ত্রীকে গ্রেফতার করা হলেও তিনি অসুস্থ হয়ে পড়ার জন্য এতদিন তাঁকে হেফাজতে নিতে পারেনি ইডি। তবে সোমবার রাতটা ইডির দফতরেই কেটেছে ধৃত মন্ত্রীর। সূত্রের খবর, সেখানে মাটিতে শুয়েই রাত কাটাতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। যদিও গদি পেতে বিছানা করে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নিজের বাড়ির খাটের নরম গদি ছাড়া কি ঘুম আসে? জানা গেছে, বনমন্ত্রী রাতভর এপাশ ওপাশ করেছেন। তবে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল তাঁর।
আদালতের নির্দেশ ছিল, জ্যোতিপ্রিয় যেহেতু 'রুটিন' জীবনযাপনে অভ্যস্ত, তাই আপাতত বাড়ির খাবার খেতে পারবেন তিনি। সোমবার রাতে সিজিও কমপ্লেক্সে গিয়ে তাঁকে খাবার দিয়ে আসেন মেয়ে প্রিয়দর্শিনী। মেয়ের আনা সেই খাবারই রাতে খান বালু। অল্প ঘুমিয়ে মঙ্গলবার তাড়াতাড়িই বিছানা ছাড়েন মন্ত্রী। সকালে খালিপেটেই তাঁকে ৩ রকমের ওষুধ খেতে হয় বলে জানা গেছে। সেগুলি খাওয়ার পর ৮টা নাগাদ তিনি খান এক কাপ চিনি ছাড়া লিকার চা। সঙ্গে ছিল সুগার ফ্রি বিস্কুট ও পাঁউরুটি।
তারপরেই জেরার জন্য ইডি কর্তাদের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে নেন তিনি। ইডি সূত্রে খবর, এই কয়েকদিনে রেশন দুর্নীতি মামলায় যেসব তথ্য মিলেছে তা সামনে রেখেই জ্যোতিপ্রিয়কে জেরা করা হবে। মন্ত্রীর বর্তমান আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে ফের আজ সিজিওতে ডাকা হয়েছে। প্রয়োজনে এই দু'জনের মুখোমুখি বসিয়ে জ্যোতিপ্রিয়কে জেরা করতে পারেন ইডি আধিকারিকরা।
সোমবারও অমিত দে-কে সাড়ে দশ ঘণ্টা টানা জেরা করেছে ইডি। সিজিও থেকে বেরিয়ে অবশ্য অমিত দাবি করেন, তিনি কোনওদিনই মন্ত্রীর আপ্ত সহায়ক ছিলেন না। তিনি যেহেতু মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন ও তাঁর অফিসে কাজ করতেন তাই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এখন দেখার জ্যোতিপ্রিয়কে নতুন করে জেরা করে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে কী কী তথ্য উঠে আসে।