
বিচারপতি অমৃতা সিনহা।
শেষ আপডেট: 12 June 2024 17:54
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর-সহ অন্যান্য আধিকারিকদের সম্পত্তির পরিমাণ নিয়ে বুধবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল ইডি। তবে ইডির রিপোর্ট দেখে এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালত সূত্রের খবর, জমা দেওয়া রিপোর্টে ইডির দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির মোট মোট সম্পত্তির পরিমাণ ১৪৮ কোটি টাকা। যার বাজার মূল্য ২৫০ কোটিরও বেশি। এপ্রিল মাসে দুটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো এখন পর্যন্ত মূল্যায়ন করা হয়নি।
এত টাকার জোগান কোথা থেকে আসছে, এদিন ইডির কাছে তা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। জবাবে ইডির আইনজীবী আদালতে জানান, "একাধিক জায়গা থেকে টাকা এসেছে। বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ আছে।"
এরপরই বিচারপতির প্রশ্ন, "এই সম্পত্তির উৎস কোথায়? সেটা কি ইডি এবং সিবিআইয়ের পক্ষে যাচাই করা সম্ভব হয়েছে?" জবাবে ইডির আইনজীবীকে চুপ থাকতে দেখে ক্ষুব্ধ বিচারপতি জানতে চান, "আর কত দিন ধরে চলবে এই তদন্ত। বছর শেষ হয়ে গেল...!"
এই সময় ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, "কত জন ব্যক্তি এই দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত রয়েছে, ইডি এখনও পর্যন্ত পরিষ্কার করে জানায়নি।"
ইডির আইনজীবী আদালতকে বলেন, "তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি।"
যদিও ইডির আইনজীবীর এমন বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বিচারপতি বলেন, "আমি ইনপুট চাই। কাদের কাদের নাম রয়েছে? কী কী তদন্ত হয়েছে? কোথায় কোথায় কত কত সম্পত্তি রয়েছে?" খানিক থেমে বিচারপতি এও মনে করিয়ে দেন, "আদালতের নজরদারিতে তদন্ত চলছে একথা যেন ভুলে না যান ইডি আধিকারিকরা। আমি সম্পূর্ণ তথ্য চাই।"