দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে কমিটি সিবিআই প্রধান অলোক বর্মাকে সরিয়ে দিয়েছিল, তাতে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি। বর্মাকে সরানোর পরে গোয়েন্দা সংস্থার অন্তর্বর্তী প্রধান হিসাবে নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে। তাঁকে নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি সিক্রি। তিনি উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে বর্মাকে সরানোর পক্ষে মত দিয়েছিলেন। তাঁকে সরিয়েই নাগেশ্বর রাওকে অন্তর্বর্তী প্রধান করা হয়।
যে স্বেচ্ছাসেবী সংগঠনটি নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধে আবেদন করেছে, তার নাম কমন কজ। বিচারপতি সিক্রি নিজেকে সরিয়ে নিয়েছেন শুনে সংগঠনের কৌঁসুলি দূষ্যন্ত দাভে বলেন, এর ফলে মানুষের মাঝে ভুল বার্তা যাবে। মনে হচ্ছে আদালত এই আবেদন শুনতে চায় না। বিচারপতি সিক্রি বলেন, আপনারা আমাকে চেনেন। আমার কোন পদে আছি, তাও জানেন। আমি যেহেতু নিজেকে সরিয়ে নিচ্ছে, তাই কোনও মন্তব্য করব না। তবে স্বীকার করছি, জনস্বার্থের মামলায় অনেক সময় নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে আদালতে অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ বলেন, নাগেশ্বর রাওকে সিবিআইয়ের কার্যনির্বাহী প্রধান হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত বেআইনি, একতরফা, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং দিল্লি পুলিশ স্পেশ্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিরোধী।
নাগেশ্বর রাও ১৯৮৬ সালের ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার। ২৩ অক্টোবর রাত দু’টোর সময় সিবি আই প্রধান অলোক বর্মা এবং স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠানো হয়। নাগেশ্বর রাও বর্মার জায়গায় সিবিআইয়ের দায়িত্ব নেন।
তার পরেই তিনি বর্মার বেশ কয়েকটি সিদ্ধান্ত নাকচ করে দেন। বর্মার ঘনিষ্ঠ কয়েকজন অফিসারকে বদলি করেন। পরে বর্মাকে ফের নিজের পদে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। তিনি নাগেশ্বর রাওয়ের সব নির্দেশ বাতিল করে দেন। ক্ষমতায় ফেরার দু’দিনের মাথায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি তাঁকে ফের সরিয়ে দেয়। সেই কমিটিতে থাকার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। কিন্তু তিনি যেহেতু বর্মার পিটিশন শুনেছিলেন, তাই নিজেকে কমিটি থেকে সরিয়ে নেন। তাঁর জায়গায় আসেন বিচারপতি সিক্রি।
বিরোধীদের অভিযোগ, বর্মা খুব শীঘ্রই রাফায়েল কেলেংকারি নিয়ে তদন্ত করতে যাচ্ছিলেন। সেক্ষেত্রে বিজেপির কয়েকজন শীর্ষস্তরের নেতার নাম প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আগেভাগে বর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে।