
শেষ আপডেট: 15 January 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: বিভিন্ন মামলা মোকাদ্দমায় কলকাতা হাইকোর্টে আসতে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে। সকলে ইংরেজি জানেন, বোঝেন এমনটা নয়। উল্টে ইংরেজি বুঝতে না পারার ফলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় তাঁদের।
সেই সব মানুষদের সুবিধার্থে এবার কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাতেই শুনানি হবে। অন্তত নিজের এজলাসে তিনি মাতৃভাষায় শুনানি চালু করবেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবার একটি মামলার শুনানিতে একথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে তিনি বলেন, “যাঁরা রাজ্যের প্রত্যন্ত গ্রামঞ্চল থেকে রাজ্যের শীর্ষ আদালতে আসেন তাঁরা ইংরেজি ভাষা ভাল বুঝতে পারেন না। তাই এবার আমার এজলাসে মাতৃভাষা বাংলাতে শুনানি হবে।”
ঘটনার সূত্রপাত, এক যুবক বোনের বিয়ের জন্য আড়াই লাখ টাকা জমিয়েছিলেন। একটি মামলায় তার কাছ থেকে আইনজীবী ভুল বুঝিয়ে মামলার ফাইলিং করার জন্য এক লাখ টাকা নিয়ে নেয় বলে অভিযোগ। আবার আদালতের নির্দেশের কপি নেওয়ার জন্যও ওই ব্যক্তির কাছ থেকে আরও এক লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিনে এজলাসে আইনজীবী কল্লোল বসুর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, "গরিবমানুষগুলোর ভুলটা কী? তাঁরা ইংরেজি ভাষায় দক্ষ নয় বলেই পদে পদে হোচট খেতে হবে?"
এরপরই বিচারপতি বলেন, "কারও যদি ইংরেজিতে কথা বলতে অসুবিধা থাকে তাহলে আমি বাংলাতেই শুনানি শুনব। বাংলা ভাষার কথা বলাটা অত্যন্ত জরুরি। এখন থেকে আমার এজলাসে বাংলাতেও শুনানি হবে।"