
শেষ আপডেট: 5 October 2023 17:24
দ্য ওয়াল ব্যুরো: ফের নজিরবিহীন সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যোগ্যতা না থাকার অপরাধে, এবার কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কাকে তাঁর পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে অপসারিত করা হয়েছে আরও এক অধ্যাপিকা অচিনা কুণ্ডুকেও। আগামীকাল থেকে তাঁরা আর কলেজে ঢুকতে পারবেন না, সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আদালতের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যক্ষ কিংবা অধ্যাপক হওয়ার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড দিয়েছে, তাতে পাশ করতে পারেননি সুনন্দা ভট্টাচার্য এবং অচিনা কুণ্ডুরও। বিচারপতি জানিয়েছেন, যোগ্যতা প্রমাণ করতে পারলে ফের দুজনকেই কাজে পুনর্বহাল করা হবে।
এই মামলাতেও যোগসূত্র রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল, উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কিছু অধ্যাপক নিযুক্ত করেছেন তিনি। সেই মর্মেই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।
অভিযোগ উঠেছিল, মানিকের নিযুক্ত এই সমস্ত অধ্যাপকদের অনেকে নিজেদের স্বার্থে বেশ কিছু দুষ্কৃতীকে প্রশ্রয় দিচ্ছেন। এই দুষ্কৃতীরা কলেজকে নিজেদের অপকর্মের আখড়ায় পরিণত করছে বলে অভিযোগ করা হয়। পুলিশ এবং কলেজ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানানো হয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলা ওঠে। সব কথা শোনার পর বৃহস্পতিবার আইনজীবী অর্ক কুমার নাগকে রেই মামলায় স্পেশাল অফিসার নিযুক্ত করেছে আদালত। তিনি জানিয়ে দিয়েছেন, আজই পুলিশকে সঙ্গে নিয়ে অধ্যক্ষর অফিসে তালা লাগাবেন স্পেশাল অফিসার।
এছাড়া ৯ অক্টোবরের মধ্যে এই দুষ্কৃতীদের আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মৌখিক নির্দেশে তিনি আরও জানিয়েছেন, পুরো বিষয়টি দেখতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে।