
শেষ আপডেট: 27 September 2023 10:58
দ্য ওয়াল ব্যুরো: বিচারক বনাম বিচারপতি!
বুধবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছেন সিবিআই স্পেশাল কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। ভরা এজলাসে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু এখানেই না থেমে সংশ্লিষ্ট বিচারককে অবিলম্বে বদলি করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay orders transfer of CBI judge)।
এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমি জানতে পেরেছি, সিবিআই স্পেশাল কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় জেলে থাকা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। সিবিআই বিচারকের কোনও ভাবেই হাইকোর্টের অর্ডারে হস্তক্ষেপ করা উচিত নয়। এটি তাঁর এক্তিয়ার বহির্ভূত কাজ। শুনেছি, বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর মাথায় কারও হাত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।"
আদালতের পর্য়বেক্ষণ, ওই পদটি এখন ফাঁকা রয়েছে। ওই বিচারক অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন। তাই ওই পদটিতে ৪ অক্টোবরের মধ্যে নতুন বিচারককে বসাতে হবে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, বিচারক অর্পণ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির আর কোনও মামলা শুনতে পারবেন না।
নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি সিবিআই এবং ইডি অফিসারদের হেনস্থা করার অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। ওই মামলাতেই এদিন আলিপুর বিশেষ আদালতের বিচারকের বিরুদ্ধে মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে চাকরি প্রার্থীদের মিছিলে শুভেন্দু, কৌস্তভ