
শেষ আপডেট: 3 March 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিচারপতির পদ থেকে মঙ্গলবার ইস্তফা দেবেন। প্রত্যক্ষভাবে রাজনীতিতে নেমে পড়ার বার্তাই তিনি দিয়েছেন। তবে তাঁর পক্ষ থেকে সুবিচার পাওয়ার আশায় যাঁরা থাকেন, সেই চাকরিপ্রার্থীরা এখন কী করবেন? তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বাংলায় শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে মাইলফলক কিছু রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই কারণে বাংলায় সাধারণ মানুষের কাছে তাঁর যেমন আলাদা করে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, ঠিক তেমনই শাসক দলের সমালোচনার শিকারও তিনি হয়েছিলেন। আবার চাকরিপ্রার্থীরা ছাড়াও এমন অনেক মানুষ তাঁর এজলাসে বিচার পাওয়ার আশায় আসতেন যাঁদের মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য ছিলই না। এহেন পরিস্থিতিতে কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন, বিচারপতি হিসেবে অসহায় মানুষদের সাহায্য করার জন্য যা করার তাই করেছেন তিনি। বিচারপতির কথায়, অসহায় মানুষগুলিকে পরামর্শ দিতাম যে লিগাল এডে যান। কোনও আইনজীবীকেও ওঁদের কেস দেখতে বলতাম। লেখাপড়া জানা মানুষও যখন কোনও আইনি সমস্যায় পড়েন, তাঁরাও খুব অসহায় বোধ করেন। সাধ্য মতো তাঁদের সাহায্য করেছি। বিচারপতির আশা, তিনি না থাকলেও আদালতের অন্যান্য বিচারপতিদের থেকে তাঁরা হয়তো সহযোগিতা পাবেন।
মঙ্গলবার ইস্তফা দেবেন বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, আমি বহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছি। কোন রাজনৈতিক দলে যোগ দেব তা এখনও বলছি না। বাংলার শাসক দল নিয়ে তাঁর পরোক্ষবার্তা, “ইতিহাসে আমরা মৌর্য্য সাম্রাজ্য দেখেছি। এখন আমরা দেখছি চৌর্য্য সাম্রাজ্য”। তিনি কোন দলে যেতে পারেন সেই প্রশ্নের উত্তরে সাক্ষাৎকারে বিচারপতি স্পষ্ট করেন, তৃণমূল কংগ্রেসে অবশ্যই যোগ দেব না। তবে পর্যবেক্ষকদের অনেকে অবশ্য মনে করছেন, কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথা হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।