
শেষ আপডেট: 28 April 2023 07:34
দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ যে পর্যবেক্ষণ জানিয়েছিল, তাতেই দেওয়াল লিখন স্পষ্ট ছিল। হলও তাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly Big Story) এজলাসে থাকা মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
তবে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হবে কিনা এখনও স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ আপলোড হলে তা স্পষ্ট হবে। আপাতত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চের মৌখিক নির্দেশ থেকে এটুকু স্পষ্ট যে কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে দায়ের করা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলা সরিয়ে নেওয়া হল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সোমবারই বলেছিল, কোনও বিচারপতির এজলাসে যে বিষয় নিয়ে মামলা চলছে, সেই বিষয় নিয়ে তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে পারেন না। সে ক্ষেত্রে ওই সব মামলা তাঁর এজলাস থেকে সরিয়ে নেওয়াই শ্রেয়।
সর্বোচ্চ আদালতের সেই পর্যবেক্ষণ দেখে কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দ্য ওয়াল-কে বলেছিলেন, সুপ্রিম কোর্টের যা মনোভাব দেখছি, তাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ সংক্রান্ত সব মামলা সরিয়ে দেওয়া হতে পারে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য পরদিন তাঁর এজলাসে বসে বলেছিলেন যে, তাঁর সম্পর্কে সুপ্রিম কোর্টকে ভুল বোঝানো হচ্ছে। তিনি সর্বোচ্চ আদালতের কাছে তাঁর জবাব পাঠাবেন।
কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের পাঠানো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের ট্রান্সক্রিপ্ট পড়ে দেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তার পরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়েক বেঞ্চ শুক্রবার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন।
নিয়োগ মামলার শুনানির সময়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সব ধারাবাহিক পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছিলেন তাতে তাঁর জনপ্রিয়তা ভিন্ন স্তরে পৌঁছে গিয়েছিল। বইমেলা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানে সই শিকারিরা তাঁকে দেখে ঝাঁপিয়ে পড়েতন। তাঁর সঙ্গে সেলফি তোলার প্রতিযোগিতা শুরু হয়ে যেত। এ সবের মধ্যেই টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে নানা বিষয়ে মন্তব্য করেন তিনি।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই সব সাক্ষাৎকার দেখে অনেক প্রবীণ আইনজীবীই প্রমাদ গুনেছিলেন। সেটাই সত্যি হল। এখান দেখার বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজে এ সম্পর্কে কী বলেন?
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্থির করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা মামলা কোন বিচারপতির এজলাসে এর পর শুনানি হবে।
রামনবমীতে হাওড়া-রিষড়ার অশান্তিতে এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য