
শেষ আপডেট: 16 June 2023 14:30
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে এতদিন এক ওভারে ছয় ছক্কার ইতিহাস রয়েছে। অনেকেই এই কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু এক ওভারে ছয়টি উইকেট নিয়ে আলোড়ন ফেলে দিয়েছে ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেটের এক খুদে বোলার।
ব্রিটিশ জুনিয়র প্লেয়ার অলিভার হোয়াইটহাউস তার ক্লাবের হয়ে ডাবল হ্যাটট্রিক করেছে। সম্প্রতি কুকিলের বিরুদ্ধে ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের হয়ে খেলায় হোয়াইটহাউস ছয় বলে প্রতিপক্ষের ছয় জন ব্যাটসম্যানকে আউট করে বসে। সেই সেঙ্গে রীতিমতো চাঞ্চল্য তৈরি করে সাড়া ফেলে দেয় ১২ বছরের এই বিস্ময় বালক। দুই ওভারে একটিও রান না খরচ করে মোট ৮টি উইকেট নিয়েছেন ওই খুদে।
ব্রমসগ্রোভ ক্লাবের অধিনায়ক জানিয়েছে, ‘ও যা করেছে, সেটি আমরা ভাবতেই পারি না। আমার মনে হয়, অলিভার অনেক বয়সের পরেও বুঝতে পারবে না কী করেছে ও।’
এই ব্রিটিশ খুদের ঠাকুর্মা ১৯৬৯ সালের উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন অ্যান জোনস। বাড়িতে তাদের টেনিসেরই বেশি চল। কিন্তু অলিভারের ছোট বয়স থেকেই ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। এখনই ১২ বছর বয়সে যে অসামান্য নজির গড়েছে, তাতেই সকলেই মুগ্ধ।