
ফাইল ছবি
শেষ আপডেট: 18 April 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় এবার 'অভয়া ক্লিনিক' খুলছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (WBJDF) সদস্যরা। সংগঠনের তরফে বলা হয়েছে সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় এই ক্লিনিক খোলা হবে। শুক্রবারই রাত সাড়ে ৯টা নাগাদ আরজি কর (RG Kar) থেকে রওনা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একাংশ।
ওয়াকফ ইস্যুতে গত শুক্রবার থেকে অশান্ত ছিল মুর্শিদাবাদ (Murshidabad News)। মানুষ আক্রান্ত, তিনজনের মৃত্যুও হয়েছে। এছাড়া ঘর-বাড়ি পোড়ানো থেকে শুরু করে ভাঙচুর, পুলিশের ওপরও হামলার ঘটনাও ঘটেছে।
জেলায় ঘটনার তদন্তে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের সিট। পুলিশদের শীর্ষ আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আরও কড়া নিরাপত্তার জন্য। যদিও কলকাতা হাইকোর্টে এই ঘটনায় এনআইএ তদন্তের পক্ষে জোর সওয়াল করা হয়েছে।
সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে হিংসা এবং মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে পাঠানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। গত শুক্রবারের হিংসাপর্বের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে যে অভিযোগ উঠেছে, কমিশনের প্রতিনিধিরা সে বিষয়েও অনুসন্ধান করবেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধের পরও উপদ্রুত এলাকা সরেজমিনে দেখতে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমন পরিস্থিতিতে, সামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় অভয়া ক্লিনিক খুলছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।