
ফাইল ছবি।
শেষ আপডেট: 10 April 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারাদের (SSC 2016) মহামিছিলে এবার জুনিয়র ডাক্তাররাও (Junior Doctors)। যে মিছিল থেকে আরজি কর আন্দোলনের মুখ দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারা প্রশ্ন তুললেন, ‘পুলিশ তুমি মারলে কেন?’
গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করে দেওয়ায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। ঘটনার প্রতিবাদে এবং যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে বুধবার ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারারা। অভিযোগ, আন্দোলন হঠাতে পুলিশ অকথ্য লাঠিচার্জ করে।
এরই প্রতিবাদে এবং অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এদিন দুপুরে শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিল 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ'। মঞ্চের তরফে আমজনতাকে মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সেখানেই পা মেলাতে দেখা গেল দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়ারাদের।
প্রসঙ্গত, পুলিশের তরফে বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হয়, পুলিশ আগে আক্রান্ত হয়েছে। তারপরই প্রতিরোধ গড়া হয়। যদিও বুধবারই পাল্টা সাংবাদিক বৈঠক থেকে 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ' এর তরফে অভিযোগ করা হয়েছিল, পুলিশ ফেক ভিডিও তৈরি করে মুখরক্ষার চেষ্টা করছে।
এদিন ওই প্রসঙ্গ টেনে দেবাশিস, আসফাকুল্লারা বলেন, "পুলিশের কাজ আইন সামলানো। তার পরিবর্তে পুলিশ কী করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই ঘটনার প্রতিবাদে একজন নাগরিক হিসেবে এই মিছিলে যোগ দিয়েছি।"
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বুধবার সন্ধেতে আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লাহ্ নাইয়ারা জানান, ১৬ এপ্রিল আরজি কর মেডিক্যাল কলেজের কনভেনশন আয়োজন করা হবে। সেখান থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি থেকে কয়লা-গরুপাচার ইস্যুতে আন্দোলন তীব্রতর করার ডাকও দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার শিক্ষকদের মিছিলে পা মেলালেন তাঁরা।