
সাংবাদিক বৈঠকে ডাব্লিউবিজেডিএফ।
শেষ আপডেট: 9 April 2025 23:20
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের (RG Kar movement ) সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ (ডাব্লিউবিজেডিএফ) গঠন করে লাগাতার কর্মবিরতিতে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা।
ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুনের মামলায় ইতিমধ্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। একই সঙ্গে পরিবারের আর্জি মেনে আদালতের নজরদারিতে চলছে তদন্তপ্রক্রিয়া। এরই মধ্যে আন্দোলনের সময় গড়ে ওঠা তহবিলের হিসেব নিয়ে পরে নানাবিধ অভিযোগ উঠেছিল।
আগামী ১৬ এপ্রিল আরজি কর হাসপাতালে একটি গণ সম্মেলনের মধ্যে দিয়ে ওই তহবিলের প্রতিটি হিসেব বুঝিয়ে দেওয়ার কথা জানালেন আন্দোলনকারীরা। একই সঙ্গে এ প্রসঙ্গে রাজ্য সরকার ও পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়েছে ডাব্লুবিজেডিএফ।
এদিন এবিষয়ে আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের সদস্যরা। সেখান থেকে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আসফাকুল্লাহ্ নাইয়ারা জানান, ১৬ এপ্রিল আরজি কর মেডিক্যাল কলেজের কনভেনশন থেকে তহবিলের প্রতিটি পয়সার হিসেব বুঝিয়ে দেওয়া হবে। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি থেকে কয়লা-গরুপাচার ইস্যুতেও তাঁরা রাজ্য প্রশাসনের কাছ থেকে হিসেব চাইবেন।
অনিকেত, দেবাশিসরা বলেন, আন্দোলন করার জন্য নানাভাবে সরকারি চাপ তৈরি করা হয়েছিল। অনেকের বাড়িতেও পুলিশ পাঠানো হয়েছে। এমনকী এভাবে অতীতে কোনও সরকার গণ আন্দোলনের হিসেব চায়নি। আমরা সেই হিসেব বুঝিয়ে দেব, একই সঙ্গে শিক্ষা থেকে অন্যান্য ক্ষেত্রের দুর্নীতির হিসেবও চাইব।
অনিকেতরা জানিয়েছেন, ওই দিনের মঞ্চ থেকেই পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। ইঙ্গিত দিয়েছেন, ডাক্তারি ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনায দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি বিভিন্ন ইস্যুতে রাজ্যের দুর্নীতির বিরুদ্ধেও এবার বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে চান তাঁরা।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। অরাজনৈতিক মঞ্চ গড়ে যারা ইতিমধ্যে আন্দোলন সংগঠিত করার ডাক দিয়েছেন। নিজেদের কাজের সীমাবদ্ধতা মধ্যে থেকে জুনিয়র চিকিৎসকরাও এবার তাতে শামিল হতে চলেছেন।