
শেষ আপডেট: 10 July 2023 11:47
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির বিরুদ্ধে ঘৃণা, বিভাজনের রাজনীতির জবাবে রাহুল গান্ধী প্রেমের বিপণী (মহব্বত কি দুকান) খোলার (mahabbat ka dukan remark) কথা বলেছেন (Jp nadda slammed Rahul)। কংগ্রেস নেতার কথায়, জাত-ধর্ম নির্বিশেষে মানুষকে ভালবেসে কাছে টেনে নেওয়াই তাঁর রাজনীতি।
সোমবার গুজরাতের গোধরায় এক জনসভায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এই স্লোগান নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা (J. P. Nadda)। রাহুলের বিরুদ্ধে পাল্টা বিভেদের রাজনীতি করার অভিযোগ তুলে নাড্ডা বলেন, উনি আসলে ঘৃণা বিপণনের মেগা মল (‘নফরত কা মেগা মল’)। বিজেপি নির্দিষ্টভাবে কংগ্রেস নেতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাকে নিশানা করেন গোধরার মাটিতে দাঁড়িয়ে। ২০০২ সালে গুজরাতের এই জায়গায় সবরমতী এক্সপ্রেসে অযোধ্যা ফেরৎ করসেবকদের ট্রেনের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল। তার জেরে ছড়িয়ে পড়েছিল গুজরাত দাঙ্গা।
সোমবার সেখানে মোদী সরকারের নয় বছর পূর্তি উদযাপনের সভায় বিজেপি সভাপতি বলেন, বড় অবাক হতে হয় ওঁর (রাহুলের) মুখে গণতন্ত্র বিপন্নতার কথা শুনতে। উনি লন্ডন-আমেরিকায় গিয়ে বলে আসছেন ভারতে গণতন্ত্র নেই। অথচ ওঁর ঠাকুমা জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে পিষে মেরেছিলেন। হাজার হাজার গণতন্ত্রপ্রেমীকে জেলে পুরেছিলেন।
রাহুল যদিও তাঁর ভালবাসার দোকান খুলে বসার রাজনীতির কথাই বলে চলেছেন। দু’দিন আগেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সিমলা যাওয়ার পথে হরিয়ানায় ধানক্ষেতে দাঁড়িয়ে কৃষকদের দুর্দশার কথা শোনার পর তাঁদেরও ঘৃণা, বিদ্বেষ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তার আগে দাঙ্গা বিধ্বস্ত মণিপুরেও রাহুল বিবদমান দুই পক্ষকেই এখন ভালবাসার দোকান খুলে বসার পরামর্শ দিয়ে আসেন।
অন্যদিকে, রাহুল-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে নিম্নরুচির রাজনীতি করার অভিযোগ করে নাড্ডা বলেন, ওঁরা প্রধানমন্ত্রীকে ‘নীচ’ ‘বিচ্ছু’ ’সাপ’ বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এমনকী প্রধানমন্ত্রী একটা সময় চা বিক্রি করেছেন বলে তাঁর সম্পর্কে চাওয়ালা শব্দটিও ব্যবহার করা হয়েছে অসম্মান করার উদ্দেশে।
নাড্ডা বলেন, রাহুল গান্ধীর মুখে ‘মহব্বত কি দুকান’ কথাটি মানায় না। আসলে উনি ‘নফরত কা মেগা মল’ খুলে বসেছেন। ওঁর মুখে সর্বদা বিভাজনের কথা। নাড্ডা আরও যোগ করেন, এ সবই আসলে চরম হতাশা থেকে হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে বিরোধীরা সহজভাব নিতে পারছে না।
মণিপুর নিয়ে দেশের প্রধান বিচারপতির মন্তব্য কেন বাকিদের জন্য শিক্ষণীয়