
শেষ আপডেট: 23 October 2023 13:15
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: মহা অষ্টমীর সন্ধিপুজোয় বলিদান হওয়ার পর প্রথা মেনে ব্যতিক্রমী ‘জয়তারা’ উৎসবে মেতে ওঠেন দুবরাজপুর শহরের মানুষ। বছরভর এই দিনটার জন্য মুখিয়ে থাকেন তাঁরা।
এই উৎসব কতদিনের পুরনো তা বলা বড় কঠিন। তবে অষ্টমীর বলি শেষ হতেই শহরের কিশোর-যুবকরা প্রথা মেনে নানান অস্ত্রশস্ত্র নিয়ে শোভাযাত্রা করে দুবরাজপুর পৌর শহর পরিক্রমা করেন। দুবরাজপুর শহরে প্রায় ৪০টি দুর্গা পুজো হয়। প্রতিটি পুজো মণ্ডপ থেকে জয়তারা বের হয়। গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে জয়তারা। তা দেখার জন্য ভিড় জমান বহু মানুষ।
দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, প্রতি বছরের মতো এবছরও অষ্টমীর পুজোর পর বলি হয়। তারপর শুরু হয় জয়তারা অনুষ্ঠান। তিনি বলেন, ‘‘কত দিন ধরে এই প্রথা চলে আসছে এটা আমাদের অজানা। আমরাও ছোট থেকেই দেখছি। কথিত আছে, মা দুর্গা অসুর নিধনের পর যে জয়োল্লাস হয়েছিল, এটা তারই একটা রূপ। এক কথায় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাই হচ্ছে জয়তারা উৎসব।’’ দূর-দূরান্ত থেকে বহু মানুষ জয়তারা উৎসব দেখতে আসেন দুবরাজপুরে।