
শেষ আপডেট: 11 September 2022 12:35
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তিনদিনের ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)। সেই সফরের মাঝেই তাঁর হাতে নিজের লেখা বই তুলে দিলেন প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী। তাঁর লেখা বইতে উঠে এসেছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee) নিয়ে কিছু কথা। সাংবাদিক গৌতমবাবু কর্মসূত্রে দীর্ঘদিন দিল্লির প্রবাসী। তাঁর সাংবাদিকতা জীবনের দুই তৃতীয়াংশ কেটেছে দিল্লিতে। এখনও তিনি সাংবাদিকতায় রীতিমতো সক্রিয়।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে গৌতমবাবুর গভীর হৃদ্রতা পূর্ণ সম্পর্ক ছিল। প্রণববাবুর সঙ্গে দেশ বিদেশ সফর করেছেন। সেই সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে উন্নীত হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও গৌতমবাবুর ব্যক্তিগত পরিচিতি আছে। তিনি দীর্ঘদিন দিল্লির জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। বাংলাদেশ সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি।
সাম্প্রতিক হাসিনার ভারত সফরের মাঝে এক অনুষ্ঠানে গৌতমবাবু তাঁর লেখা বই ‘প্রণব মুখার্জি: রাজনীতির ভেতর বাহির’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রসঙ্গত, হাসিনার সঙ্গে প্রণববাবুর সম্পর্কও ছিল একেবারে দাদা-বোনের মতো। প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশ সফরে গিয়েছিলেন সপরিবারে।
আবার প্রণববাবু রাষ্ট্রপতি থাকাকালে ভারত সফরে আসা হাসিনা রাষ্ট্রপতির অতিথি হিসাবে রাষ্ট্রপতি ভবনে উঠেছিলেন, যা ছিল তাঁর প্রতি এক বিশেষ সম্মানজ্ঞাপন। প্রণববাবুর সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক দু'দেশের সম্পর্ক উন্নতিতে খুব কার্যকরী ভূমিকা নিয়েছিল। তাই প্রণববাবুর সম্পর্কে লেখা বই পেয়ে স্বভাবতই খুশি শেখ হাসিনা।
কেরলে সিপিএমের ছাত্র-যুবদের বিরোধিতার মুখে ভারত জোড়ো, রাহুলরা আজ রাত কাটাবেন স্কুলে