
শেষ আপডেট: 24 August 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু হল। দশ দিনের সাংবাদিকতা কোর্সটি মূলত কর্মশালা ভিত্তিক। অর্থাৎ হাতে-কলমে শিক্ষা।
শুক্রবার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়। ওই বিভাগ সাংবাদিকতার কোর্সটি পরিচালনা করছে। অধ্যাপক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোন সংবাদ গ্রহণ করব, কোন সংবাদ বর্জন করব, কী দেখব, কতটুকুই বা সংবাদ হয়ে উঠবে, তার ভাষা কী হবে ইত্যাদি বোঝার জন্যই এই কর্মশালা।'
জানা গেল, দশ দিনের এই কর্মশালায় কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল ও বেতারের সাংবাদিক ছাড়াও হাতেকলমে সাংবাদিকতার পাঠ দেবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিসের অধ্যাপকেরা। পত্রপত্রিকার, পাশাপাশি রেডিয়ো, টেলিভিশন, এফএম, সোশ্যাল মিডিয়া সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে এই কর্মশালায়।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু হল।
জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, ‘সংবাদ লেখা, সঞ্চালনা, সংবাদ সম্পাদনা, লাইভ সাংবাদিকতা, সংবাদ পাঠ ইত্যাদি বিষয় আমরা এই দশ দিনে হাতে কলমে শেখাব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. তুষার পটুয়া, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, অধ্যাপক বাণীরঞ্জন দে প্রমুখ।