
শেষ আপডেট: 3 May 2023 14:23
দ্য ওয়াল ব্যুরো: কোনও কাজই ছোট নয়, সেটাই প্রমাণ করলেন জন্টি রোডস (Jonty Rhodes)। জন্টি মানেই বিশ্ব ক্রিকেটের সেই ফিল্ডার, যিনি বাজপাখির মতো বল তালুবন্দি করতেন। বয়স হয়ে গিয়েছে ৫৩ বছর, কিন্তু দেখে কেউ বলবে না সেটি।
এখনও তরতাজা তিনি। বুধবার লখনউয়ের মাঠে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসের (CSK Vs LSG) মধ্যে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছে। দু’দলই পেল এক পয়েন্ট করে।
মুষলধারে বৃষ্টি আসার পরে দেখা যায় মাঠ কর্মীদের সঙ্গে পিচের কভার সরাচ্ছেন জন্টি, যিনি লখনউ দলের ফিল্ডিং কোচ। তাঁকে দেখে লজ্জায় পড়ে যান মাঠকর্মীরাও। তাঁর মতো কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্ব অহংবোধ সরিয়ে যেভাবে মাঠকর্মীদের পাশে থেকে পিচ বাঁচানোর চেষ্টা করছেন, সেটি দেখে সবাই আপ্লুত হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় জন্টি রোডস বলে ট্রেন্ডিংও হতে থাকেন এই দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা।
তিনি একদম না ভেবেই সোজা দৌড়ান বাউন্ডারি লাইনের দিকে। সেখানে জড়ো করে রাখা ছিল পিচ কভার। সেটি টানার জন্য মাঠকর্মীরা সবাই হাত লাগালেও জন্টি দেখেই কিছু না ভেবেই তিনিও টানতে থাকেন। তার মধ্যে একজন তাঁকে সরে যেতেও অনুরোধ করেছিলেন, তিনি তাও নিজের দায়িত্বে অবিচল ছিলেন।
এই ঘটনায় বেশ আলোড়ন ফেলে দিয়েছে। সেইসময় লখনউ খেলেছে ১৯.২ ওভার, করেছে ১২৫/৭। সবেমাত্র আষূস বাদোনি হাফসেঞ্চুরি করেছেন, তখনই বৃষ্টি নামে অঝোরে। সেইসময় জন্টির ভূমিকায় প্রমাণ হল মানুষ বড় হলেই হল না, তাঁর পা মাটিতেই থাকতে হয়।
ধোনির অবসর পিছিয়ে গেল! ‘তুমিই ঠিক করে দিলে আমার অবসর?’ প্রশ্ন মাহির