
ফাইল ছবি
শেষ আপডেট: 19 April 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছিল চাকরিহারাদের ঐক্য মঞ্চ (Jobless Teachers)। তবে সেই অভিযানের মাত্র দু'দিন আগে সেই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশকেও চিঠি দিয়ে অভিযান স্থগিতের কথা জানিয়েছে তাঁরা।
কেন আচমকা নবান্ন অভিযান থেকে পিছু হটলেন চাকরিহারারা? সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত কয়েক দিনে বারবার তাঁদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন পুলিশ আধিকারিকরা। সেই প্রেক্ষিতে শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। মঞ্চের তরফে জানানো হয়েছে, পুলিশের শীর্ষকর্তারা আশ্বাস দেন যে, দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন। সব দাবিদাওয়া নিয়ে কথা বলা হবে মুখ্যসচিবের সঙ্গেও। এই আশ্বাসবার্তা পাওয়ার পরই তাঁরা নবান্ন অভিযান আপাতত না করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে সময় চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বলা হয়েছে, যে দাবিদাওয়া রয়েছে তা পূরণ করতে একটু সময় লাগবে। পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ভিডিও কলে মঞ্চের নেতারা নিজেরা বৈঠক করেছিলেন। তারপরই সর্বসম্মতিক্রমে ২১-র নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে আগামী দিনে যে এই কর্মসূচি তাঁরা করবেন, এমনটাও স্পষ্ট করে দিয়েছে চাকরিহারাদের ঐক্য মঞ্চ।
আরজি করের ঘটনার পর ঠিক যে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তারাও সোমবার নবান্ন অভিযান করবে বলে জানিয়েছিল। তাঁদের সঙ্গে বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ-ও এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে আপাতত তাঁরা এই কর্মসূচি স্থগিত করায় ছাত্র সমাজের কর্মসূচিও আর হবে না। মনে করা হচ্ছে, ২১-র এপ্রিলের বদলে অন্য যে দিন মঞ্চের তরফে এই অভিযান করা হবে, সেদিনই হয়তো তাঁরা যোগ দেবে।
সুপ্রিম কোর্টের রায়ের ফলে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর তাঁদের একাংশের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নেতাজি ইন্ডোরে বৈঠক করেছিলেন। কিন্তু এই বৈঠক নিয়ে চাকরিহারাদের অন্যান্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। ‘বঞ্চিত’দের সঙ্গে মুখ্যমন্ত্রীকে বৈঠক করতে হবে এই দাবি তোলা হয়েছিল তাঁদের পক্ষ থেকে। হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল যে, ১৫ এপ্রিলের মধ্যে বৈঠক না করা হলে তাঁরা নবান্ন অভিযান করবেন। শেষমেশ বৈঠক না হওয়ায় সেই অভিযানের কথা ঘোষণা করা হয়। তবে মাত্র দু'দিন আগেই তা স্থগিত হয়ে গেল।