
শেষ আপডেট: 20 December 2023 13:38
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার জেরে যারা চাকরি খুইয়েছেন, চাইলে তাঁরাও এই মামলায় যুক্ত হতে পারেন। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে একথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ।
নির্দেশ মেনে এদিনই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন।
শীর্ষ আদালতের নির্দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে তৈরি হযেছে বিশেষ ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে দু’মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত। ৯ জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই, ইডিকে।
এই মামলার এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে কমিশনের উদ্দেশে জানতে চাওয়া হয়েছিল, “এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কী? কী লুকোতে চাইছে এসএসসি?”
ওএমআর শিট সংক্রান্ত কারচুপির ঘটনায় আগেই কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন এজলাসে মামলাটি উঠতেইএসএসসির তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট দেওয়া হয়। এসএসসির জমা দেওয়া রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে দ্রুত তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মমালার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।