দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ডেকে পাঠানো হল জেএনইউ-এর উপাচার্য এম জগদীশ কুমারকে। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর দেখা করার কথা মন্ত্রকের শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে।
বিশ্ববিদ্যালয়ের ফি-বৃদ্ধির প্রতিবাদে অনেক দিন ধরেই আন্দোলন চলছে জেএনইউ-তে। এই অবস্থায় রবিবার জেএনইউ ক্যাম্পাসের ভিতরে, হস্টেলে তাণ্ডব চালায় মুখবাঁধা, সশস্ত্র একদল গুন্ডা। অভিযোগের তির এবিভিপির দিকে। এর পরেই পড়ুয়া-অধ্যাপকদের তরফে দাবি ওঠে, পদত্যাগ করতে হবে উপাচার্যকে।
মনে করা হয়েছিল, এই সংক্রান্ত আলোচনার জন্যই হয়তো তলব করা হয়েছে উপাচার্যকে। অপসারণ সংক্রান্ত বার্তা দেওয়া হতে পারে উপাচার্যকে। কিন্তু মন্ত্রক সূত্রের খবর, গত রবিবার বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়া ও অধ্যাপকদের উপরে হওয়া হামলার পরিপ্রেক্ষিতেই এই তলব। এর সঙ্গে অপসারণের কোনও সম্পর্ক নেই।
মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির দাবির দিকে নজর দিতে চায় সরকার। এ বিষয়েও বৈঠকে আলোচনা করা হবে উপাচার্যের সঙ্গে। মন্ত্রকের সচিব অমিত খারে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, উপাচার্যকে অপসারণ করা কোনও সমাধান বলে মনে করছেন না তাঁরা। যে বিষয়টিকে কেন্দ্র করে এত সমস্যা ও প্রতিবাদের সূত্রপাত, সেটাকে চিহ্নিত করে সেটারই সমাধান করতে চান তাঁরা।
এর আগে অবশ্য জেএনইউয়ের ছাত্র সংগঠন জেএনইউসিইউ ও শিক্ষক সংগঠন জেএনইউটিএ-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন অমিত খারে। তখনই তাঁর কাছে আবেদন করা হয় উপাচার্যকে অপসারণের। কিন্তু তাঁরা মূল সমস্যা নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী বলে জানিয়েছেন অমিত খারে।