
শেষ আপডেট: 19 August 2023 09:24
দ্য ওয়াল ব্যুরো: আবার দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেল নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ (Indian Institutional Ranking Framework) বা আইআইআরএফের ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকা। তাতে দেখা যাচ্ছে, সবাইকে পিছনে ফেলে প্রতিবাদীদের আখড়া বলে পরিচিত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ই (Jawaharlal Nehru University- JNU) ভারত-সেরার শিরোপা জিতে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Benaras Hindu University- BHU) । তৃতীয় ও চতুর্থ স্থান পেয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (Aliharh Muslim University) এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া। পাঁচে রয়েছে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
শুধু জেএনইউ নয়, শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয় চারটিই বিজেপি নেতানেত্রীদের আক্রমণের বস্তু হিসেবে সুপরিচিত। আলিগড়, জামিয়া বা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ও নানা কারণে বিতর্কে উঠে এসেছে। সঙ্গী থেকেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। কিন্তু যাদবপুর রাজ্য বিশ্ববিদ্যালয় হওয়ায় এই তালিকায় জায়গা হয়নি। পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী রয়েছে আট নম্বরে।
এবারের তালিকায় প্রথম কুড়ি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে একাধিক উত্তর পূর্ব ভারতের বিশ্ববিদ্যালয়। যেমন, সিকিম বিশ্ববিদ্যালয় (১৮), শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় (১৯), শিলঙের নর্থ-ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয় (১৫), আইজলের মিজোরাম বিশ্ববিদ্যালয় (১৩) ও ইটানগরের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় (১৬) এই তালিকায় নাম তুলে নিয়েছে । রয়েছে পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয় (১৭) ও হায়দরাবাদের ইংরেজি ও বৈদেশিক ভাষা বিশ্ববিদ্যালয় এফলু (৯)।
এছাড়া দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে আছে গুজরাতের গান্ধীনগরে ধীরুভাই অম্বানি ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর ক্রমতালিকায় রয়েছে অশোকা বিশ্ববিদ্যালয়, নির্মা বিশ্ববিদ্যালয় ও শিব নাদার বিশ্ববিদ্যালয়। আমিটি ও আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ও এতে জায়গা করে নিয়েছে।
জরায়ুর সঙ্গে দুই কিডনিও হাওয়া, বিহারে আবার এক ভয়াল অপরাধচক্রের ছায়া