দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ উঠেছিল ছাত্রদের সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়ার। সেই কারণেই জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার এক বেসরকারি স্কুলের ১৩ জন শিক্ষককে সম্প্রতি ডেকে পাঠিয়ে সতর্ক করল বারামুল্লা জেলার পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল, সংশ্লিষ্ট স্কুলে কিছু শিক্ষক ছাত্রদের সন্ত্রাসবাদের প্রতি উৎসাহিত করেন। দিনকয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন ছাত্র জঙ্গিদের মতো আদব-কায়দা করছে। আরও একটা ভিডিওতে দেখা যায়, ছাত্ররা বন্দুকের কায়দায় লাঠি ধরে আছে। এই ভিডিও দেখে পুলিশ খোঁজ করে বুঝতে পারে, এটা অভিযুক্ত স্কুলেরই ভিডিও। তাই ডেকে পাঠানো হয় শিক্ষকদের।
বারামুল্লার সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট ইমতিয়াজ মির জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। কিন্তু তাঁর ডিপার্টমেন্টের তরফে ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, আইন অনুযায়ী ওই স্কুলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া যায় কি না।
বারামুল্লার চিফ এডুকেশন অফিসার আব্দুল আহাদ গনিয়া জানিয়েছেন, তাঁর দফতর পুরো ঘটনার তদন্ত করছে। যদি স্কুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদিও স্কুলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।