Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে জোট, তাতে শরিক কংগ্রেস, সিপিএম

দ্য ওয়াল ব্যুরো : ঠিক একবছর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করেছে মোদী সরকার। এবার সেই মর্যাদা ফিরিয়ে আনার জন্য জোট বাঁধল কাশ্মীরের সবক'টি আঞ্চলিক দল। সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস ও সিপিএম আছে সেই জোটে। বিশেষ মর্যাদার দাবিতে আন্দোলন কর

জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরাতে জোট, তাতে শরিক কংগ্রেস, সিপিএম

শেষ আপডেট: 22 August 2020 12:51

দ্য ওয়াল ব্যুরো : ঠিক একবছর আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করেছে মোদী সরকার। এবার সেই মর্যাদা ফিরিয়ে আনার জন্য জোট বাঁধল কাশ্মীরের সবক'টি আঞ্চলিক দল। সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেস ও সিপিএম আছে সেই জোটে। বিশেষ মর্যাদার দাবিতে আন্দোলন করার জন্য পরস্পরের বিরোধিতা বিসর্জন দিয়েছে আঞ্চলিক দলগুলি। জম্মু-কাশ্মীরের আঞ্চলিক যে দলগুলি জোটে রয়েছে, তারা হল ন্যাশনাল কনফারেন্স, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, পিপলস কনফারেন্স এবং আওয়ামি ন্যাশনাল কনফারেন্স। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, সংবিধানের ৩৭০ ধারায় জম্মু-কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, তা ফিরে পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ অগাস্ট জম্মু-কাশ্মীরের প্রতিটি আঞ্চলিক দল ও কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল, বিশেষ মর্যাদা লোপ করার চেষ্টা হলে তারা লড়াই করবে। ওই সিদ্ধান্ত 'গুপকার ডিক্লারেশন' নামে পরিচিত। আগামী দিনে কাশ্মীরের সব দলই গুপকার ডিক্লারেশন মেনে চলবে। কংগ্রেস অবশ্য ইতিমধ্যে গুপকার ডিক্লারেশন সম্পর্কে ভিন্ন সুরে মন্তব্য করেছে। রাজ্যের কংগ্রেস প্রধান জি এ মির বলেন, গতবছর আমরা গুপকার ডিক্লারেশনে সই করেছিলাম ঠিকই, কিন্তু তারপরে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। আমরা জম্মু-কাশ্মীরকে ফের রাজ্যে পরিণত করার পক্ষে। কিন্তু ৩৭০ ধারা অবলুপ্তি সম্পর্কে আমরা সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে চাই। একটি সূত্রের খবর, কাশ্মীরের আঞ্চলিক দলগুলির নেতারা এতদিন গোপনে জোট গড়ার চেষ্টা চালাচ্ছিলেন। তাঁর গত কয়েকদিনে গোপন বৈঠকও করেছেন বলে জানা যাচ্ছে। রাজ্যের এক প্রবীণ রাজনীতিক জানান, "শুক্রবার আমাদের যৌথ বিবৃতির খসড়া তৈরি হয়। এরপর তা নেতাদের পড়তে দেওয়া হয়েছিল। সব নেতা ওই বিবৃতির বয়ানে সম্মতি জানিয়েছেন।" পরে তিনি বলেন, "দিল্লির বর্তমান সরকার কাশ্মীরের প্রতি যে আচরণ করেছে, আগে কেউ করেনি। এখন আমরা নিজেদের মধ্যেকার সব বিরোধ সরিয়ে রেখেছি। আমাদের একমাত্র লক্ষ্য, কাশ্মীরে সংবিধানের শাসন চালু করা।" জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এখনও জন নিরাপত্তা আইনে বন্দি রয়েছেন। সেই অবস্থাতেই তিনি টুইট করে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফারুক আবদুল্লার প্রশংসা করেন। তিনি লিখেছেন, এখন সকলকে ঐক্যবদ্ধভাবে দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে হবে। বিজেপির একসময়কার বন্ধু সাজ্জাদ লোন দৃঢ়ভাবে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার পক্ষে মতপ্রকাশ করেছেন। তিনি টুইট করে বলেন, "আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবেই লড়াইটা করা যেতে পারে। এটা ক্ষমতার লড়াই নয়। নিজেদের অধিকার ফিরে পাওয়ার লড়াই।"

```