দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের প্রথমার্ধের মধ্যেই জিও ৫জি পরিষেবা চালু হয়ে যাবে ভারতে। এমনটাই আশ্বাস দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। মঙ্গলবার আয়োজিত 'ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০'-তে এ কথা ঘোষা করেন তিনি। তিনি বলেন, জিওর এই ৫জি পরিষেবা সরকারের আত্মনির্ভর ভারত পলিসির একটা ছোট পদক্ষেপ হবে।
শুধু ৫জি পরিষেবা নয়, এর পাশাপাশি জিও গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে সস্তায় নতুন স্মার্টফোনও আনতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। মুকেশ আম্বানির কথায়, "আমি নিশ্চিত করছি, জিওই এ দেশে সর্বপ্রথম ৫জি বিপ্লব আনবে এবং সেটাও আগামী বছরের প্রথম ৬ মাসের মধ্যেই। এটির জন্য সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, এর টেকনোলজিও একেবারে নতুন।"
৫জি পরিষেবা কত দ্রুত এ দেশে চালু করা যায়, তাই নিয়ে জিও অনেক দিন ধরেই কাজ করে চলেছে। স্যামসং, কোয়ালকম ইত্যাদি বিভিন্ন সংস্থার সঙ্গেও হাত মিলিয়েছে তারা। চলতি বছর জুলাই মাসে জিওর ৪৩তম বার্ষিক জেনারেল মিটিংয়ে মুকেশ আম্বানি বলেছিলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি জিওর ৫জি পরিষেবা তৈরি হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই পরিষেবা দেশের মানুষের সুবিধা করবে। খুব তাড়াতাড়ি এই পরিষেবার ট্রায়াল শুরু করব আমরা।”
অক্টোবরের কোয়ালকম ৫জি সামিটে কোয়ালকম টেকনোলজিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার দুর্গা মাল্লাড়ি জানিয়েছিলেন, “গোটা দুনিয়া জুড়ে ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়া প্রধান লক্ষ্য কোয়ালকম টেকনোলজিসের। এই কাজে রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়েছি আমরা। সম্প্রতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট স্পিডের মাইলস্টোন ছুঁয়েছি আমরা। সামনের দিনে রিলায়েন্সের সঙ্গে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে আমাদের।”
এদিনের অনুষ্ঠানে মুকেশ আম্বানি আরও বলেন, "২০টি স্টার্টআপ পার্টনারকে নিয়ে গড়ে উঠেছে জিও প্ল্যাটফর্ম। বিশ্বমানের পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, বড় মাপের ফাইল, মেশিন লার্নিং-- এই সমস্তটাই এর আওতায় পড়ছে। আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি-- সব ক্ষেত্রেই এই অত্যাধুনিক পরিষেবার পরিকাঠামো তৈরি করছি।"
রিলায়েন্স জিওর ইনফোকম প্রেসিডেন্ট ম্যাথু ওমেন বলেন, "জিও ইতিমধ্যেই ৫জি রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। জিও স্কেলের মাধ্যমেই সব সফটওয়্যার থেকে শুরু করে রেডিও অ্যাকসেস নেটওয়ার্কের পরিষেবা খতিয়ে দেখা হবে। কোয়ালকমের ৫জি রেডিও অ্যাকসেস প্ল্যাটফর্মের সঙ্গে জিওর রেডিও অ্যাকসেস প্ল্যাটফর্মের যুক্ত হওয়ার ফলে এক নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হবে যা ভারতের মানুষের জীবনযাত্রায় আরও অনেক সুবিধা নিয়ে আসবে।”