
শেষ আপডেট: 19 October 2023 16:18
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মাস ছয়েক আগে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের মাঝেই নিজের দামি দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে।
তথ্য লোপাটের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত ঘুরে তখন থেকেই জেলবন্দি বিধায়ক।এবার পুজোর আগে যেকোনও মূল্যে জামিন পেতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন জীবনকৃষ্ণ।
ইতিমধ্যে তাঁর ফোন থেকে নিয়োগ মামলার একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করেছে সিবিআই।তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে আদালতে। চার্জশিট জমা পড়ার পরও কেন জেলবন্দি করে রাখা হবে, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না ও পি এস নরসিমহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক।
সূত্রের খবর, যেকোনও মূল্যে জামিন পেতে মরিয়া মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার মামলার শুনানিতে সিবিআইকে তিন সপ্তাহ সময় দিয়েছে ডিভিশন বেঞ্চ। সিবিআইকে তাঁদের বক্তব্য লিখিত আকারে জানাতে বলা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত এপ্রিল মাসে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। তল্লাশি অভিযানের মাঝেই ফিল্মি কায়দায় নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। টানা তিনদিন ধরে পুকুরের জল ছেঁচে পাঁক ঘেঁটে ফোন দুটি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। পরে ওই ফোনের নথি ঘেঁটে নিয়োগ মামলার চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের।
এবিষয়ে আদালতে চার্জশিটও জমা দিয়েছে সিবিআই। আগে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন জীবনকৃষ্ণ। আর্জি খারিজের পর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। তবে আদালত এবিষয়ে সিবিআইকে তাঁদের বক্তব্য জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়ায় এবারের পুজো জেলেই কাটাতে হবে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ককে।