
শেষ আপডেট: 21 September 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের কাজ শুধু সাধারণ নাগরিকদের সুরক্ষা দেওয়াই নয়, ক্ষেত্রবিশেষে চোর ডাকাতদেরও 'সুরক্ষা' দেওয়া পুলিশের কাজের মধ্যেই পড়ে। সেই কাজে অবহেলা করলে যে কী হতে পারে, তার প্রমাণ মিলেছে সম্প্রতি উত্তরপ্রদেশে। সেখানে ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গাড়িতে করে আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু তাঁদের 'ছোট্ট' ভুলে বিরাট উপকার হল ডাকাতদলের। পুলিশের নাকের ডগা দিয়ে একের পর এক পালিয়ে গেল তারা (robbers escaped)।
একটি ট্রেন ডাকাতির (railway robbery) ঘটনায় ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার তাদের ঝাঁসিতে (Jhansi) রেলের আদালতে পেশ করার কথা ছিল। সেই উদ্দেশেই লক আপ থেকে প্রিজন ভ্যানে করে ৭ ডাকাতকে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। কিন্তু রাস্তার মধ্যে তাঁদের খিদে পাওয়ায় গাড়ি দাঁড় করানো হয়। ডাকাতদের ওই গাড়িতেই রেখে একসঙ্গে সবাই মিলে রাস্তার পাশে একটি দোকানে খেতে চলে যান পুলিশকর্মীরা।
পরে আরাম করে খেয়ে দেয়ে ফিরে যখন পুলিশকর্মীরা দেখেন তিনজন বন্দি পালিয়েছে, তখন তো তাঁদের মাথায় হাত! ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনও ধরা পড়েনি তিন পলাতক ডাকাত। তবে এমন ভুলের খেসারত দিতে হয়েছে সাব ইন্সপেক্টর রাজেন্দ্র অনুরাগী, পঙ্কজ সিং এবং সুরেশ সিংকে। সাসপেন্ড করা হয়েছে তাঁদের। একই পদক্ষেপ নেওয়া হয়েছে হেড কনস্টেবল শিবপাল সিং, সুনীল কুমার, সন্দীপ এবং দীপেন্দ্র এবং কনস্টেবল অনিলের বিরুদ্ধেও । এই ৮ পুলিশকর্মীর বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। পলাতক তিন ডাকাতের বিরুদ্ধেও নতুন করে মামলা রুজু করা হয়েছে।
ঝাঁসি পুলিশের সিনিয়র সুপারেনটেনডেন্ট রাজেশ এস জানিয়েছেন, পুলিশের দুটি আলাদা আলাদা দল গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। খুব শিগগিরই পলাতক তিন আসামিকে ধরে ফেলা হবে বলে আশাবাদী তিনি।
ভারতসেরা হল বাংলার কিরীটেশ্বরী, সতীপীঠ ছাড়া আর কী কী আছে সেখানে