
শেষ আপডেট: 12 December 2023 17:29
দ্য ওয়াল ব্যুরো: ঝালদা পুরসভার দায়িত্বভার আপাতত শিলা চ্যাটার্জির হাতেই থাকবে। মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারপার্সন হিসেবে শিলা চ্যাটার্জিই দায়িত্ব পালন করবেন।
বিগত কয়েকদিন ধরেই ঝালদা পুরসভার কুর্সি দখলের লড়াই জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল। যে পুরপ্রধান পদের জন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা চলছিল, সেই লড়াইয়ে কংগ্রেসকেই সঙ্গে নেয় শাসকদল। তৃণমূল পরিচালিত ঝালদা পুরসভার পুরপ্রধানের অপসারণের দাবিতে বিরোধীদের সঙ্গে নিয়ে সম্প্রতি অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই ৫ কাউন্সিলর।
১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূল ১০ এবং কংগ্রেস ২। পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া শীলা চ্যাটার্জী । এই পরিস্থিতিতে গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চ্যাটার্জীর অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা হয়।
আদালতের দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। একই দাবিতে ৫ তৃণমূল কাউন্সিলরও আরেকটি মামলা দায়ের করেন। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, জেলাশাসকের উপস্থিতিতে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় আস্থাভোট করাতে হবে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তা নিয়ে রিপোর্টও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এরপর মামলাটিতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শিলাকেই পুরসভার দায়িত্ব পালনের নির্দেশ দেন বিচারপতি সিনহা। এই মামলার পরবর্তী শুনানি ৫ জানুয়ারি।
অন্যদিকে, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় শিলা চ্যাটার্জি। ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেয় বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ।