দ্য ওয়াল ব্যুরো : বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীরা তাঁদের বকেয়া পাওনা আদায়ের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরণাপন্ন হলেন। একই সঙ্গে কোম্পানিটি বাঁচিয়ে তোলার জন্য যাতে আপৎকালীন তহবিলের ব্যবস্থা করা হয়, তারও আর্জি জানানো হয়েছে। জেট এয়ারওয়েজের কর্মীর সংখ্যা ২৩ হাজার। পাইলট সহ বহু কর্মীরই বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে জেট এয়ারওয়েজের দুই কর্মী ইউনিয়ন। তাতে বলা হয়েছে, আমরা অনুরোধ করছি, আমাদের বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে বিচার করুন। জেট এয়ারওয়েজ লিমিটেডের ম্যানেজমেন্টকে বলুন, অবিলম্বে যেন আমাদের পাওনা মিটিয়ে দেয়। আমরা আর্জি জানাচ্ছি, জেট এয়ারওয়েজকে বাঁচানোর জন্য আপৎকালীন তহবিলেরও ব্যবস্থা করুন।
জেট এয়ারওয়েজে কয়েক মাস ধরেই অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল। ১৭ এপ্রিল ওই কোম্পানি জানিয়ে দেয়, দেশের অভ্যন্তরে ও বিদেশে সব উড়ান বন্ধ রাখা হল। ইউনিয়নগুলি জানিয়েছে, জেটের কর্মীদের এক বড় অংশ গত সাত মাস ধরে সময়মতো বেতন পাচ্ছেন না। গত মার্চে এই বিষয়ে শ্রম মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
ইউনিয়নগুলির দাবি, ঠিকমতো বেতন না পাওয়া সত্ত্বেও কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বিমানে পরিষেবার মান ও নিরাপত্তা আগের মতোই উঁচুমানের ছিল। এত পরিশ্রমের পরেও আশার আলো দেখা যাচ্ছে না। সেজন্যই আপনাদের দ্বারস্থ হয়েছি।