দ্য ওয়াল ব্যুরো: দেখতে নিতান্ত সাধারণ স্নিকার্স জুতোর মতোই। কিন্তু জুতোর সোলের ভিতরটা ফাঁপা। তার ভিতরে রয়েছে জল। আর নাইকি কোম্পানি নির্মিত এই জুতোই লাইন দিয়ে হু হু করে কিনে ফেললেন সাধারণ মানুষ। কয়েক মিনিটেই আউট অফ স্টক। তা-ও আবার ৩ হাজার মার্কিন ডলারের বিনিময়ে! অর্থাৎ ভারতীয় মুদ্রায় দু'লক্ষ টাকারও বেশি দাম দিয়ে!
হবে না-ই বা কেন। যিশুখ্রিস্টের জুতো বলে কথা! সম্প্রতি জর্ডন নদীর পবিত্র জল-ভরা স্নিকার্সের কয়েকটি সংস্করণ বাজারে এনেছে নাইকি। ‘যিশুর জুতো' নামের ওই জুতো বাজারে আসার কয়েক মিনিটের মধ্যেই আউট অব স্টক! জুতোগুলি এমনিতে সাধারণ দেখতে হলেও, ভাল করে লক্ষ করলে বোঝা যাবে, জুতোর সোলের অংশে ভেসে রয়েছে জল। সেটাই পবিত্র জর্ডনের জল বলে দাবি নির্মাণকারী সংস্থার।
তবে শুধুই যে পবিত্র জল ভরা সোলের জন্যই জুতোটির এত দাম, তা কিন্তু নয়। এই জুতোর অন্য বৈশিষ্ট্যও রয়েছে। নাইকির দাবি, জুতোগুলিতে বাইবেলের 'ম্যাথুভার্স ১৪:২৫' রয়েছে, যাতে জলের উপর দিয়ে যিশুর হাঁটার বিবরণ লেখা আছে। যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধি শরীরের রক্ত বোঝানোর জন্য এক ফোঁটা রক্ত বিন্দুও রয়েছে জুতোর এক পাশে। সেই সঙ্গে আরও কিছু ধর্মীয় চিহ্ন রয়েছে জুতোর সোলে। জরির মধ্য দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর একটি চিহ্নও রয়েছে। রয়েছে বিশেষ সুগন্ধ।
শুধু তা-ই নয়। জুতোর প্যাকেজিংও অভিনব। বাক্সের গায়ে একটি দেবদূত এবং সরকারি পাপাল সিলের মতো দেখতে একটি সিল রয়েছে। সব মিলিয়ে আকাশছোঁয়া দাম সেই জুতোর। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয়, সেই জুতো কিনতে যত মানুষ কাতারে কাতারে লাইন দিলেন, তা যেন অবিশ্বাস্য!
সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ভবিষ্যতে এ ধরনের আরও পরীক্ষা-নিরিক্ষা করবে।
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/