
শেষ আপডেট: 5 July 2023 14:27
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের অশান্তি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন জিকসন সিং। ভারতীয় দলের এই তারকা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পরে দেশের পতাকা নয়, বরং মণিপুরের মেইতেই গোষ্ঠীর পতাকা নিয়ে উৎসব করেছেন।
দেশের পতাকা ছেড়ে কেন নিজের রাজ্যের পতাকা নিলেন, সেই নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন জিকসন। পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় এই তারকা ডিফেন্ডার। তিনি দাবি করেছেন, কারও ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। বরং গত দু'মাস ধরে মণিপুরে যে হিংসা চলছে, তা নিয়ে দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি এমনটি করেছেন। উত্তর-পূর্ব ভারতে শান্তি ফেরানোর আর্জি জানিয়ে তিনি এমনটি করেছেন, তাও বলেছেন সুনীল ছেত্রীদের সতীর্থ।
জিকসন এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘এটা আমার মণিপুরের মেইতেই গোষ্ঠীর পতাকা ছিল। গোটা দেশকে স্রেফ এটা বলতে চাইছিলাম শান্তি বজায় রাখতে হবে এবং মণিপুরকে বাঁচাতে হবে। আমি শান্তির পক্ষে সওয়াল করছি। দু'মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও লড়াই চলছে। শান্তি ফিরিয়ে আনতে আমি স্রেফ সরকার এবং বাকি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম। আমার পরিবার সুরক্ষিত থাকলে কী হবে অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় খুবই প্রতিক্রিয়া হচ্ছে দেখে জিকসন রাতে ফের লিখেছেন, ‘প্রিয় ফ্যানদের উদ্দেশে বলতে চাই, এই পতাকা নিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশে আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। আমার রাজ্যে যে অশান্তি চলছে, তার অবসান চাই। এই জয় প্রতিটি ভারতবাসীকে উৎসর্গ করছি। আমার আশা মণিপুরে দ্রুত শান্তি ফিরে আসবে।’