দ্য ওয়াল ব্যুরো: চার দিনের জন্য দিল্লি সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী সভাপতি হওয়ার পর বুধবার এই প্রথমবার তাঁর সঙ্গেও বৈঠক করেন মমতা। তার আগে এ দিন দুপুরে তিনি গিয়েছিলেন সংসদের সেন্ট্রাল হলে। পরে সেখান থেকে সংসদে তৃণমূলের সংসদীয় পার্টি অফিসে এসে বসেন বাংলার মুখ্যমন্ত্রী।
সংসদে এক সময়ের তাঁর সতীর্থরা এর পর এক এক করে দেখা করতে আসেন তাঁর সঙ্গে। মমতার সঙ্গে দেখা করতে এসেছিলেন সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চনও।
জয়ার সঙ্গে মমতার ব্যক্তিগত সম্পর্ক অনেক দিনের। সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে জয়ার রাজ্যসভায় ফের মনোনয়ন পাওয়া নিয়ে যখন সংকট তৈরি হয়েছিল, তখন মমতা জয়াকে প্রস্তাব দিয়েছিলেন,-চাইলে তৃণমূল কংগ্রেসের থেকে রাজ্যসভায় নির্বাচিত হতে পারেন তিনি। তবে সমাজবাদী পার্টি থেকেই রাজ্যসভায় ফিরতে চেয়েছিলেন জয়া বচ্চন।
সে যাক বুধবার দুজনের দেখা হতেই কাছে এসে হাত ধরেন পরস্পরের। কুশল বিনিময় করেন আন্তরিক স্বরে। মমতার গালেও হাত রাখেন জয়া। জানতে চান, শরীর কেমন আছে। ওঁদের এই আন্তরিক মুহূর্তটি ধরা পড়ে সাংবাদিকের ফ্রেমে।