
শোভন চট্টোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার
শেষ আপডেট: 15 July 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার ২১ জুলাই। প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় শহিদ দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। বেশ কয়েক বছর ধরে শহিদ দিবসের মঞ্চে কিছু না কিছু চমক রাখে ঘাসফুল শিবির। তাই বঙ্গ রাজনীতির অলিন্দে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে বর্তমানে সবচেয়ে জোরালো জল্পনা হল কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘ঘরওয়াপসি’। আর এরই মধ্যে শোভনের তৃণমূলে ফিরে আসা নিয়ে জলঘোলা বাড়ালেন জয়প্রকাশ মজুমদার।
একুশে জুলাই নাকি শোভন চট্টোপাধ্যায় 'কামব্যাক' করছেন! তৃণমূলের অন্দরে সেই জোরদার জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার। শোভনের তৃণমূলে ফিরে আসা নিয়ে খানিকটা সংশয়ের সুর শোনা গেল শাসক দলের হেভিওয়েট নেতার গলায়।
জয়প্রকাশের কথায়, দলে ফিরতে হলে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। হঠাৎ করে কেউ যোগদান করতে পারেন না। সেক্ষেত্রে যিনি দলে ফিরতে চান তাঁকে আবেদন করতে হয়। আর সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই সংশ্লিষ্ট দলে ফিরে আসা যায়। অর্থাৎ যিনি দলে যোগদান করতে চান তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চান এরকম বয়ানে একটি আবেদনপত্র লিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি সেই আবেদনপত্র খতিয়ে দেখার পরই তৃণমূলে যোগদানের বিষয় চূড়ান্ত হয়।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। এক সময় রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর রাতারাতি জয়প্রকাশ পেয়ে যান তৃণমূলের সহ-সভাপতি পদ। আর এই প্রসঙ্গে জয়প্রকাশের বক্তব্য, তিনি নিজেও আবেদন করেই বিজেপি থেকে তৃণমূলে এসেছেন।
তবে কি শোভন চট্টোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও আবেদন এসেছে? জয়প্রকাশ স্পষ্ট বলেন , “এই বিষয়ে আমার অন্তত জানা নেই।” তাঁর মতে, ২১ জুলাইয়ের আগে এমন অনেক কথাই ভেসে আসে, তবে আসলে কী হয় তা সময়ই বলবে।