
জহর সরকার
শেষ আপডেট: 8 September 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন রাজনীতি থেকে সম্পূর্ণ ভাবে বিদায় নিচ্ছেন তিনি।
মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, ‘গত এক মাস ধৈর্য ধরে আমি আরজি কর হাসপাতালের ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি। ভেবেছি, সেই পুরনো মমতা ব্যানার্জীর মতো আপনি কেন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে, তাতে দেরি হয়ে গিয়েছে অনেক।
তিনি আরও লিখেছেন, 'আমার বিশ্বাস, আন্দোলনে পথে নামা মানুষরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। কাজেই রাজনৈতিক তকমা লাগিয়ে আন্দোলনকে প্রতিরোধ করা ঠিক হবে না। এঁরা কেউ রাজনীতি নয় বরং শুধু বিচার ও শাস্তির দাবি তুলেছেন।'
এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বাম-বিজেপির আন্দোলনের তকমা দিয়েছিলেন। তাঁর দেখাদেখি তৃণমূলের অন্য নেতারাও সেই দাবি করেছেন প্রকাশ্যে। দলের এমন দাবির তীব্র নিন্দা করেছেন জহর।
মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এর আগে সোচ্চার হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার জহর সরকারের এহেন সিদ্ধান্তে রীতিমতো অস্বস্তিতে শাসকদল।
সরকারকে নিয়ে একাধিক অসন্তোষের কারণ আগেও ব্যাখ্যা করেছেন জহর। মুখ খুলেছেন দুর্নীতি নিয়ে। মমতাকে দেওয়া চিঠিতে সেই প্রসঙ্গও টেনে এনেছেন। 'মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।’