
শেষ আপডেট: 12 March 2023 06:54
দ্য ওয়াল ব্যুরো: গত দিন তিনেক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হোলির (Holi) একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক এক জাপানি মহিলাকে (Japanese Woman) জোর করে রং মাখাচ্ছে। দিল্লির (Delhi Incident) পাহাড়গঞ্জ এলাকার এই ভিডিও সাড়া ফেলে দিয়েছিল নেট পাড়ায়। পুলিশ স্বতঃপ্রবৃত্ত মামলা রুজু করে তদন্ত শুরু করে, ভিডিও দেখে তিনজন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতারও করা হয়। তবে ওই জাপানি মহিলার থেকে কোনও অভিযোগ আসেনি। পুলিশ জানিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে।
হোলির সময় ভারতে ঘুরতে এসেছিলেন তিনি। বন্ধুবান্ধবদের সঙ্গে থাকছিলেন দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়। হোলির দিন সেখানেই ঘটে এই ঘটনা। তারপরই ভারত ছাড়েন তিনি। জানা গেছে এখন তিনি বাংলাদেশে রয়েছেন। শনিবার সেই তরুণী জাপানি ভাষায় একটি টুইট করেন।
কী লেখা আছে সেই টুইটে?
শনিবারের টুইটে ওই জাপানি তরুণী লেখেন, 'আমি শুনেছিলাম হোলির সকালে রাস্তায় একা কোনও মহিলার বের হওয়া বিপজ্জনক। তাই আমি ৩৫ জন বন্ধুদের গ্রুপের সঙ্গে বেরিয়েছিলাম ভারতীয় এই উৎসব দেখতে।'
সেইসময়ই ওই তরুণীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে। একদল যুবক জোর করে তরুণীকে রং মাখিয়ে দেয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া মেলে। কেউ কেউ যেমন ঘটনার নিন্দা করেছেন, আবার কেউ কেউ বলেছেন ভারতীয় সংস্কৃতি নিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। সেইসব শুনে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন ওই জাপানি তরুণী।
তিনি টুইটে লেখেন, 'আমি ভিডিওটি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমি কখনওই ভাবিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আমি সেই ভিডিও ডিলিট করে দিয়েছি।' সেই সঙ্গে তিনি যোগ করেন, 'আমি ভারতকে ভালবাসি। এর আগেও বেশ কয়েকবার এখানে এসেছি। আমার ভারতের সবকিছু ভাল লাগে। ভারত ও জাপান সবসময় বন্ধু।'
ভিডিওটি খুঁটিয়ে দেখার পর তিনজন যুবককে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারও করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করেছে, বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ জানায়, তিন অভিযুক্তই পাহাড়গঞ্জ এলাকার বাসিন্দা। ওই তরুণী অভিযোগ দায়ের করলে তাদের আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জানাননি ওই তরুণী। উল্টে তার টুইটারে দেখা গেল ভারত প্রেমের কথা।
বন্দে ভারত লক্ষ্য করে ফের পাথর! ভাঙল জানালার কাচ, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা