
ফাইল ছবি।
শেষ আপডেট: 5 May 2024 09:33
দ্য ওয়াল ব্যুরো: ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদ। শনিবার মুর্শিদাবাদের একাধিক এলাকা থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। এবার রাতের অন্ধকারে ভোটারদের টাকা বিলি করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল জঙ্গিপুরে।
৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে রাজ্যের চারটি আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। তার আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে এলা্কায় শোরগোল পড়েছে।
বিজেপির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে শনিবার রাতে তৃণমূল নেতা আনারুল হক ওরফে বিপ্লব সাগরদিঘীর কাবিলপুরে টাকা বিলি করতে গিয়েছিলেন। এলাকার যুবকরা উত্তেজিত হয়ে সেই গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ আক্রান্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে। তবে টাকা উদ্ধারের বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বলেন, "পরাজয় নিশ্চিত বুঝে ভোটের আগে মিথ্যে প্রচার করে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।"
প্রসঙ্গত, শনিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলে তল্লাশি চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ। চাষের ক্ষেত থেকে শ্মশান, কোথাও ব্যাগ, কোথাও বা বালতি ভর্তি বোমা পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরে বোম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।