
শেষ আপডেট: 19 March 2023 08:22
দ্য ওয়াল ব্যুরো: ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন। তারপরেই সিবিআই গ্রেফতার করেছিল তাঁকে। কিন্তু গ্রেফতার করলেও বিচার আর হল না। হাতে হাতকড়া পরার কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হল দুর্নীতিতে অভিযুক্ত এক পুলিশকর্মীর (Constable Dies)।
ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া (Kathua) জেলায় গত শনিবার। অভিযুক্ত পুলিশকর্মীর নাম মুস্তাক আহমেদ। তিনি আদতে বিলাওয়ারের বাসিন্দা। কাঠুয়া মহিলা থানায় হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন মুস্তাক। থানায় এক অভিযোগকারীর কাছ থেকে ৩ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান তিনি। তারপরেই সিবিআই তাঁকে গ্রেফতার করে।
সূত্রের খবর, যখন সিবিআই দফতরে অভিযুক্ত পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন হঠাৎ করেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। সে কথা তদন্তকারী আধিকারিকদের জানাতে সঙ্গে সঙ্গে তাঁকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মুস্তাকের। কাঠুয়া মহিলা থানার স্টেশন হাউস অফিসার কিরন দেবী মুস্তাক আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই পুলিশকর্মীর মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
'আমরা ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওঁর মৃত্যু হয়। পরে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে,' জানিয়েছেন তিনি।
ট্রেনের টিকিট কাটতে গিয়ে অভিনব প্রতারণার শিকার! দেড় লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী