দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের স্পেশ্যাল স্টেটাস বাতিল হওয়ার পরে বেশ কিছু দিন কেটে গেছে। কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় আগামী অক্টোবরে বিনিয়োগকারীদের একটি বিশেষ সম্মেলন করার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু সরকারি সূত্রেরই খবর, হচ্ছে না ওই সম্মেলন। আপাতত স্থগিত রাখা হয়েছে।
অক্টোবরের ১২ থেকে ১৪ তারিখ শ্রীনগরে শিল্পোদ্যোগী ও লগ্নিকারীদের প্রস্তাবিত ওই বৈঠক আপাতত মুলতুবি রাখা হয়েছে। প্রথমে ঠিক ছিল, ভারতের পাশাপাশি, আটটি দেশ থেকে বিনিয়োগকারীরা সম্মেলনে অংশ গ্রহণ করবেন। একটি সূত্রের খবর, স্পেশ্যাল স্টেটাস বাতিল হওয়ার পর পরিস্থিতি পরিবর্তনের জন্য এই সময়টা খুব জরুরি বলে মনে করছে সরকার। আগে সবকিছু স্বাভাবিক হোক, তখন করা হবে সম্মেলন।
একটি সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে লগ্নি করার বিষয়ে সুনির্দিষ্ট ভাবে পরিকল্পনার কথা জানিয়েছে ৮-১০টি সংস্থা। কিন্তু আরও বেশ কিছু সংস্থা আছে যারা টাকা বিনিয়োগ করতে চায়। সেই সব সংস্থা কাশ্মীরে গিয়ে পরিদর্শন করে সব কিছু বুঝতে চায়। সেই সময়টা তাদের দিতে হবে। ফলে পিছিয়ে দেওয়া হবে সম্মেলন।
সরকারের বিরোধীরা আগেই বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিনিয়োগকারীদের বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে সরকার ঠিক করেনি। শিল্প মহলের কেউ কেউ বলছেন, কাশ্মীরে এখন যোগাযোগের মাধ্যম, পরিবহণ কোনওটাই ঠিক নেই। এই পরিস্থিতিতে সম্মেলন হওয়ার কোনও অর্থ নেই। কাশ্মীরে এখনও টেলিফোন বা মোবাইল-ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ। নিরাপত্তার কঠোর আঁটুনি সব জায়গায়। ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি এখনও গৃহবন্দি। পরিস্থিতি স্বাভাবিক নয়। কবে স্বাভাবিক হবে, কেউ জানে না।