
শেষ আপডেট: 21 August 2022 13:15
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM) মেহবুবা মুফতির (Mehbooba Mufti) অভিযোগ, সরকার তাঁকে ফের গৃহবন্দি (Home arrest) করেছে। টুইট করে তিনি বলেছেন, আজ নিহত কাশ্মীরি পণ্ডিত সুনীল কুমার ভাটের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।
ভাটকে ১৬ অগস্ট সন্ত্রাসবাদীরা হত্যা করে। সুনীল এবং তার ভাইকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সন্ত্রাসীরা আক্রমণ করেছিল। হামলায় নিহত হন সুনীল। জঙ্গি গোষ্ঠী আলবদর ওই হত্যার দায় স্বীকার করে।
পিডিপি নেত্রী মেহবুবা তাঁকে গৃহবন্দি করার কথা জানাতে গিয়ে বাড়ির সামনে আধা সেনা মোতায়েনের ছবিও পোস্ট করেছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ভুলের মাশুল গুনতে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতদের। তবে প্রশাসন এই ব্যাপারে কিছু জানায়নি। মেহবুবা বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে প্রশাসন আমাদের আটকে দিচ্ছে। কিন্তু নিজেরা প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছে।
প্রসঙ্গত, আগামীকাল সকাল ১১’টায় কাশ্মীরে বিজেপি বিরোধী দলগুলির আসন্ন বিধানসভা ভোটের জন্য তৈরি খসড়া ভোটার তালিকা নিয়ে আলোচনায় বসার কথা। নতুন ভোটার তালিকায় নিরাপত্তার কাজে যুক্ত সেনা, আধা সেনাকেও যুক্ত করা হয়েছে। ফলে অস্বাভাবিক সংখ্যায় ভোটার বৃদ্ধি হতে চলেছে।
বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি অস্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকায় নাম তুলে জম্মু-কাশ্মীরে ক্ষমতা দখল করতে চাইছে। মেহবুবার পরামর্শেই প্রবীণ নেতা তথা আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা তাঁর বাসভবনে বিরোধী নেতা-নেত্রীদের ডেকেছেন।
মেহবুবা বলেন, কেন্দ্রীয় সরকার কাশ্মীরি পণ্ডিতদের বেদনা আড়াল করতে চায়। তাদের নির্মম নীতির কারণে যারা কাশ্মীর ছেড়ে যায়নি তাদের টার্গেট কিলিং করা হচ্ছে। এইভাবে সরকার আমাদের কাশ্মীরি পণ্ডিতদের শত্রু হিসেবে তুলে ধরছে। তাই আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে।
তিন মাস আগেও একবার মেহবুবাকে আটকানো হয়। ১৩ মে বাদগাম যাওয়ার সময় প্রশাসন আটক করে তাঁকে। সেই সময় তিনি টার্গেট কিলিংয়ে নিহত কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এর আগে, ২০১৯-এর ৫ অগস্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহারের সময় টানা কয়েক মাস তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, তাঁর পুত্র ওমর এবং পিডিপি নেত্রী মেহবুবাকে গৃহবন্দি করে রেখেছিল কেন্দ্রীয় সরকার।
‘মহাকাল’ বিতর্কে চাপে জোম্যাটো, তুলে নেওয়া হল হৃতিক অভিনীত বিজ্ঞাপন