দ্য ওয়াল ব্যুরো : সোমবার দুপুরে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফের নাগরিকত্ব আইন বিরোধী মিছিল বার করেন। তাঁদের স্লোগান ছিল, ‘কাগজ নেহি দিখায়েঙ্গে’। মিছিলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রেরা। স্থানীয় লোকজনও ছিলেন তাঁদের সঙ্গে। তাঁরা সংসদ ভবন অবধি যেতে চেয়েছিলেন।
তার আগেই রাস্তায় ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের বলা হয়, তাঁদের সংসদ অবধি যাওয়ার অনুমতি নেই। তখনই মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, কয়েকজন লাফিয়ে ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। পুলিশ তাঁদের বাধা দিচ্ছে।
ইতিমধ্যে সুপ্রিম কোর্ট শাহিনবাগের অবস্থান নিয়ে নোটিস দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারকে। সোমবার শীর্ষ আদালত বলেছে, দিনের পর দিন এভাবে রাস্তা আটকে রাখা যায় না। চারমাসের শিশু কোলে আন্দোলন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
দিল্লির হাড়কাঁপানো ঠান্ডায় দিনের পর দিন ধরে খোলা আকাশের নীচে থেকে ঠান্ডা লেগেছিল ছোট্ট শরীরে। কয়েক দিন লড়াই চলার পরে, গত ৩০ জানুয়ারি শেষমেশ ঘুমের মধ্যেই মৃত্যু হয় চারমাস বয়সী মহম্মদ জাহানের। তার বাবা-মা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছিলেন। জন্মের সাত দিনের মাথা থেকে ওই মঞ্চে নিয়ে যাওয়া হয় সদ্যোজাতকেও।
এদিন শুনানির পরে শীর্ষ আদালতের প্রশ্ন, চারমাসের শিশুকে কি আন্দোলনে নিয়ে যাওয়া যায়? এই ঘটনার জন্য নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি পুলিশকে।
শাহিনবাগের আন্দোলনের শুরু থেকেই দেখা গিয়েছে সেখানে মহিলাদের সংখ্যা বেশি। ফলে মায়েদের সঙ্গে শিশুরাও ওই অবস্থানে বসে থাকছে দীর্ঘদিন ধরে। লখনউয়ের ওয়াচ টাওয়ারের নীচে যে সংখ্যালঘু মহিলাদের বিক্ষোভ শুরু হয়েছে সেখানে শিশুদের অংশগ্রহণ রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে শিশু অধিকার রক্ষা কমিটি। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৬ বছরের কম বয়সী কাউকে আন্দোলনে দেখলেই তাদের বাবা-মায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।