দ্য ওয়াল ব্যুরো : বিহারে প্রথম দফার ভোটের আর মাত্র দু'দিন বাকি। তার আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে সুর চড়ালেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, জেলই তাঁর উপযুক্ত জায়গা। তাঁর কথায়, "নীতীশ কুমার কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন, একথা সত্যি হতে পারে না।"
চিরাগ কিছুদিন আগে প্রতিশ্রুতি দেন, তিনি ভোটে জিতে ক্ষমতায় এলে গত পাঁচ বছরে যত দুর্নীতি হয়েছে, তার তদন্ত করবেন। দুর্নীতিপরায়ন ব্যক্তিদের জেলে পুরবেন। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রবিবার তিনি মন্তব্য করেন, "আমি বলেছি, যারা দুর্নীতি করেছেন, তদন্তের পরে তাঁদের সকলকে জেলে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমার তাঁর প্রশাসনের বড় বড় কেলেংকারির কথা জানতেন না, তা কি হয়? তিনিও দুর্নীতিতে যুক্ত ছিলেন। যদি না থাকেন, তদন্তে নিশ্চয় প্রমাণিত হবে। কিন্তু সাধারণ মানুষ মনে করে, তিনি দুর্নীতিগ্রস্ত। আমিও তাই মনে করি। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত জায়গা হল জেল।"
এর পরে চিরাগ বলেন, "কোনও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ছাড়া হবে না। নীতীশ কুমারের জন্য জেলই উপযুক্ত জায়গা।" মুখ্যমন্ত্রী রাজ্যে মদ নিষিদ্ধ করার ফলে ব্যাপক দুর্নীতির রাস্তা খুলে গিয়েছে বলে চিরাগ মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে এখন অ্যালকোহলের হোম ডেলিভারি পর্যন্ত পাওয়া যাচ্ছে।
এর আগে রবিবার সকালে একটি টুইট করেন চিরাগ পাসোয়ান। তিনি বলেন, “আমি সবার কাছে অনুরোধ করছি ‘বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট’ স্লোগানকে কাজে পর্যবসিত করার জন্য এলজেপি প্রার্থীদের ভোট দিতে। বাকি সব জায়গায় বিজেপিকে ভোট দিন। আগামী সরকার নীতীশ মুক্ত সরকার হতে চলেছে।”
মোট ১৩৮ টি আসনে প্রার্থী দিয়েছে এলজেপি। তার মধ্যে ১২২টি আসনে জনতা দল ইউনাইটেড ও তাদের জোট সঙ্গী জীতেন রাম মাঝির হিন্দুস্তানী আওয়াম মোর্চার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা।
বিহারের ২৪৩টি আসনের মধ্যে মাত্র ৫টি আসনে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এলজেপি। যদিও তা চিরাগ পাসোয়ানের অনুমতি নিয়েই করা হয়েছে। চিরাগ জানিয়েছেন, নির্বাচনের পরে সরকার তৈরিতে বড় ভূমিকা নেবে এলজেপি।
অবশ্য বিজেপির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিহারের নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। যে দল নীতীশ কুমারকে চাইবেন না, তাঁরা বিহারের নির্বাচনে এনডিএ জোটের সঙ্গী হবেন না। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোটও চাইতে পারবেন না।
এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এলেও বিজেপির বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নিজের আনুগত্যের প্রকাশ দিয়েছেন চিরাগ। কিছুদিন আগে তিনি বলেন, তাঁর বুক চিড়লে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা যাবে। অর্থাৎ প্রভুভক্ত হনুমানের মতোই কথা বলেছেন তিনি। এছাড়া এলজেপি প্রার্থী নেই, এমন ১০৫টি আসনে পাসোয়ান সম্প্রদায়ের মানুষকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেছেন তিনি।