
স্নানমঞ্চে গঙ্গাজল আর দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে
শেষ আপডেট: 22 June 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শনিবার রথযাত্রার দিন গোনা শুরু হল স্নানযাত্রার মধ্য দিয়ে। ৪৭ বছর পর মোক্ষ যোগে হচ্ছে এবারের স্নানযাত্রা। তাই ,সকাল থেকেই বাড়তি উন্মাদনা মাহেশে। মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসবের এবার ৬২৮ তম বর্ষ।
সকাল সারে পাঁচটায় জগন্নাথ দেবকে বের করে স্নানমঞ্চে নিয়ে যাওয়া হয়। ছ'টা ২০ মিনিট থেকে সেখানে শুরু হয় স্নানযাত্রা উৎসব। স্নান পিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ। রীতি মেনে স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড়মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। বিশ্বাস, এই পরিমাণ দুধ ও গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে তখন শুরু হয় তাঁদের সেবা-শুশ্রূষা। কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। তারপরেই রথযাত্রায় রথে চাপিয়ে তিন দেবতাকে নিয়ে যাওয়া হয় জগন্নাথদেবের মাসির বাড়ি।
প্রতিবছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এ বার স্নানযাত্রার ‘মোক্ষ যোগ’ রয়েছে। তাই দিনভরই তিন বিগ্রহকে স্নানমঞ্চেই রাখা হবে। সেখানেই ভক্তরা দেব-দর্শন করবেন। দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে। সে জন্য স্নানমঞ্চে এবং মাঠে এবার ম্যারাপ বাঁধা হয়েছে।
মোক্ষযোগে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রত্যক্ষ করতে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। কোনওভাবেই যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তারজন্য সতর্ক রয়েছে জেলা প্রশাসন।